জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১০:৩৬ এএম
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম মিনতুই পাড়া ও পমপং পাড়া নামে দুইটি ম্রো পাড়ায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে ডায়রিয়া রোগে মাংসিং ম্রো (৫০) নামে একজনের মৃত্যুও হয়েছে। তিনি রুপসী পাড়া ইউনিয়নের মিনতুই পাড়ার মৃত পালে ম্রো’র সন্তান। এছাড়াও এ অঞ্চলে শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
রূপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য লংক্রাত ম্রো ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার স্থানীয়দের মাধ্যমে রূপসীপাড়া আর্মি ক্যাম্প বিষয়টি অবহিত হয়ে আলীকদম সেনা জোনকে জানায়। পরে আলীকদম সেনা জোনের একটি মেডিকেল টিম সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রূপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্য সেবা দেয়।
মেডিকেল ক্যাম্পে মিনতুই ও পমপং ম্রো পাড়াসহ আশপাশের মোট ১২৫ জন রোগিকে চিকিৎসা দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আলীকদম জোনের ক্যাপ্টেন নুরুজ্জামান তুর্যের নেতৃত্বে মেডিকেল টিম এই স্বাস্থ্য সেবা দেয়। এসময় দুইটি ম্রো পাড়ার ৩৩ জন শিশু, ৪৬ জন নারী, ৩৬ জন পুরুষকে চিকিৎসা দেয়া হয়। যাদের ৬০ শতাংশ ডায়রিয়ার রোগী। পাশাপাশি ১০ জন বাঙ্গালী নারী পুরুষ মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নেয়।
রুপসী পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাচিং প্রু মারমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন এবং লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার-এর নেতৃত্বে যৌথ মেডিকেল টিম ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে বলে জানিয়েছেন।
এদিকে অবস্থার অবনতি হওয়ায় দুইটি ম্রো পাড়ার ৩৩ জনকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যার মধ্যে ২০ জনই ডায়রিয়ার রোগী বলে জানান লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাইনুদ্দিন মাজেদ চৌধুরী। তিনি বলেন, হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি রোগীদের নিবিড় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী ডায়রিয়া আক্রান্ত। তাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রোবিন বলেন, হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা নিতে ভিড় জমাচ্ছেন। গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। এই মুহূর্তে হাসপাতালে ডায়রিয়া রোগের ওষুধের কোন সংকট নেই। হাসপাতালে শয্যা সংখ্যা ৫০টি হলেও অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় মেঝেতেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এএ