জেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম
মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে মিলন চন্দ্র হালদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের সস্তাল এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় কালকিনি থানা পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত মিলন চন্দ্র হালদার (৩০) পিরোজপুর জেলার কাউখালী উপজেলার হরিণডাঙ্গা গ্রামের অমূল্য হালদারের ছেলে।
কালকিনি থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল গ্রামের নাহিদুল খানের একটি ট্রলারের শিকল কাটার শব্দ পায় স্থানীয়রা। এসময় তারা চোর সন্দেহে মিলন চন্দ্র হালদার নামের এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে দ্রুত কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিলন হালদারের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং পিরোজপুরে তার স্বজনদের খবর দেয়া হয়ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার মালিক নাহিদুল খানকে থানায় আনা হয়েছে। এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
প্রতিনিধি/একেবি