জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ এএম
নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাশার মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা তবিয়ারগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাশার মিয়া গগডা তবিয়ারগাতী গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তবিয়াগাতী গ্রামের আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আবুল হাসেমের বিরোধ চলছিল। এরই জেরে রোববার সন্ধ্যায় আবুল কাশেমের ছেলে বাশার মিয়ার সঙ্গে আবুল হাসেমের ছেলে সারোয়ার মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সারোয়ার ধারালো অস্ত্র দিয়ে বাশারের শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন বাশারকে দ্রুত পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. এনামুল হক বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিবি