জেলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ এএম
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১০ অক্টোবর)। দিনটি যথাযথভাবে পালন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে— সকালে শিল্পী এসএম সুলতানের রুহের মাগফেরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল, ৯টায় চিত্রশিল্পীর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় সুলতান স্মৃতি সংগ্রহশালায় আর্টক্যাম্প, ১০টায় এসএম সুলতান শিশুস্বর্গে শিশুদের লেখা পত্র প্রদর্শনী ও পাপেট শো, বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও আদম সুরত প্রদর্শনী, ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে পালা গানের আসর।
সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ জানান, শিল্পী এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা স্বীকৃতি পান তিনি। এস এম সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।
১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার এই শিল্পী যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়।
টিবি