Dhaka Mail Logo

সারাদেশ

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনব: অমিত

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৩, ০৮:৩০ পিএম

আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বলেছেন, আন্দোলনের মাধ্যমে তার সুচিকিৎসা নিশ্চিত করে ছাড়ব ইনশাআল্লাহ।

সোমবার (৯ অক্টোবর) গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অমিত বলেন, আজ যখন আমরা তার (খালেদা জিয়ার) মুক্তি দাবিতে সমাবেশ করছি, তখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসকরা বরাবরই বলে আসছেন, তার চিকিৎসা এই দেশে সম্ভব না। আজ সকালে রাজধানী এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসার দায়িত্বে নিয়োজিত চিকিৎসকরা একই কথা বলেছেন, এই দেশে বেগম খালেদা জিয়ার আর কোনো চিকিৎসা নেই।

Jashore-2

শহরের ভোলা ট্যাংক রোডে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশ শুরুর আগে দলের বিভিন্ন উপজেলা ও পৌর নেতৃবৃন্দ মিছিল সহকারে সমাবেশ স্থলে যোগ দেন।

সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ২০১৮ সালের প্রহসনের বিচারে যেদিন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়, জনগণ সাক্ষী সেদিন তিনি পায়ে হেঁটে আদালতে গিয়েছিলেন। তার চিকিৎসকরা প্রশ্ন তুলেছেন, তাহলে পাঁচ বছর পর কী এমন হলো, দুই মাস ধরে তাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো সম্ভব হচ্ছে না। জনগণ জানতে চায়, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য তার শরীরে কোনো বিষ প্রয়োগ করা হয়েছে কি না? কিছু দিন ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও রাজনীতি নিয়ে সরকারের শীর্ষ মহল থেকে বিভিন্ন কটূক্তি করা হয়েছে।

Jashore

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গণতন্ত্রের মুক্তি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে গাঁথা। বিগত ১৫ বছর আওয়ামী লীগ যেভাবে দেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। আমরা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করে বেগম খালেদা জিয়াকেও মুক্ত করব।

১৮ কোটি জনগণের অধিকার আদায় করার জন্য রাজপথে এসেছি। তাদের সব অধিকার আদায় করেই ঘরে ফিরব। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। রাজপথেই সবকিছুর ফয়সালা হবে।

Jashore-8

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, নির্বাহী সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, জেলা কমিটির সদস্য মিজানুর রহমান খান, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।

প্রতিনিধি/এসএস