Dhaka Mail Logo

সারাদেশ

নোয়াখালীতে ইন্টার্ন ভাতার দাবিতে নার্সসহ মিডওয়াইফদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম

ইন্টার্নশিফ চলাকালীন ভাতার দাবিতে নোয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন নার্স ও মিডওয়াইফবৃন্দ।

রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা।

কর্মসূচীতে বক্তব্য রাখেন— ইন্টার্ন নার্স সাখাওয়াত হোসেন, বাবলু চন্দ্র দাস, মাহমুদা আক্তার ও মনিষা খাতুনসহ অনেকে।

বক্তারা বলেন, এমবিবিএস, বিএসসি নার্সসহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইন্টার্ন করার সুযোগ পায়, তাদের প্রত্যেকের জন্য ইন্টার্নশিফ চলাকালীন সরকারিভাবে ভাতা নির্ধারণ করা হয়। গত বছর থেকে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফদের ইন্টার্নশিফ চালু করা হয় এবং তাদের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়। কিন্তু গত দুই বছর ইন্টার্ন করা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফদের কোনো প্রকার ভাতা দেওয়া হচ্ছে না। ফলে মানবেতর জীবন-যাপন করছেন তারা।

ইন্টার্ন ডিপ্লোমা নার্সরা জানান, তাদের যৌক্তিক দাবি মেনে না নিলে তারা এ কর্মবিরতি থেকে আরও কঠোর আন্দোলনে যাবেন। নিজেদের দাবি আদায়ের সঙ্গে সঙ্গে সাধারণ রোগীদের কথা মাথায় রেখে এবং তাদের সেবা নিশ্চিত করতে ১৬ জন নার্সের সমন্বয়ে জরুরি গ্রুপ করেছেন তারা।

টিবি