Dhaka Mail Logo

সারাদেশ

১২০ কিলোমিটার গতিতে ছুটল ট্রেন, পরীক্ষামূলকভাবে চলবে দুই দিন

জেলা প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম

পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেললাইনে ১২০ কিলোমিটার গতিতে যাত্রা শুরু করেছে ট্রেন। সাড়ে ৩ মিনিটে ৬ দশমিক ১৫ কিলোমিটারের সেতুটি পাড়ি দেয় দ্রুতগতির এ ট্রেনটি। পরীক্ষামূলকভাবে দুইদিন চলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যায়ক্রমে গতি বাড়িয়ে চারবার এই রেলপথে যাতায়াত করে ট্রেনটি।

জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেল স্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে সকাল নয়টা ৬ মিনিটে পৌঁছায়। পরীক্ষামূলক এই ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। এরপর সকাল সাড়ে নয়টার দিকে মাওয়া রেল স্টেশন থেকে আবারও ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়। সে সময় গতিসীমা নির্ধারণ করা হয় ঘণ্টায় ৮০ কিলোমিটার।

১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে চেড়ে যায় ট্রেনটি। সে সময় ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলাচল করে। সবশেষে সাড়ে ১১টার দিকে মাওয়া থেকে ভাঙ্গায় ফিরে আসে ট্রেনটি। তখন ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল ১২০ কিলোমিটার।

মাওয়া-ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার এম শাজাহান বলেন, ট্রেনটি ঈশ্বরদী থেকে রাতেই ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। পরে সকালে মাওয়া ভাঙ্গা রেলপথ ও পদ্মা রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী ট্রেন ও পণ্যবাহী ট্রেনের গতি পরীক্ষার জন্য দ্রুতগতিতে ট্রায়াল দেওয়া হয়। প্রথম ট্রায়ালে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে দ্বিতীয় ট্রায়ালে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে তৃতীয় ট্রায়ালে সর্বোচ্চ ১০০ কিলোমিটার ও সর্বশেষ ১২০ কিলোমিটার গতিতে চলাচল করে ট্রেন।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পদ্মার দুই পাড়ে চলছে রেলের গতির পরীক্ষা। ইতোমধ্যে স্টেশনগুলো সার্বিক অগ্রগতি প্রায় ৯৭% শেষ হয়েছে। লাইটিং আর আলোক সজ্জার কাজ চলছে এখন। সার্ভার রুম ও সিগনাল বাতি সংযোগ প্রস্তুত হয়েছে। 

জানা গেছে, আগামী ১০ অক্টোবর নতুন এই রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ট্রেনে চড়ে রাজধানীতে আসা-যাওয়ার বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে।

প্রতিনিধি/এইচই