জেলা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ১২:৫৩ পিএম
রাতে বিয়ে ধমুধাম করে বিয়ে হয় জাকারিয়া হোসেন (১৮) নামের এক যুবকের। সকালে নতুন বউয়ের জন্য যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
মঙ্গলবার (২৯ আগস্ট ) সকাল ৯টায় বগুড়া- নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু এলাকার বার মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার (ওসি) মাহমুদ হাসান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
নিহত জাকারিয়া মন্ডল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়া গ্রামের রেজাউল মন্ডলের ছেলে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার এলাকায় এবিসি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন।
ওই নববধু জেমি আক্তার একই উপজেলার ক্ষেতলাল বাড়ইল গ্রামের আ. রহিমের মেয়ে৷
নিহতের চাচা সিরাজুল ইসলাম মন্ডল জানান, সোমবার রাতে একই গ্রামে জাকারিয়া হোসেন বিয়ে করে নববধুকে বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার সকালে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান জাকারিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে নতুন স্ত্রীর জন্য কেনাকাটা করার উদ্দেশ্য বার মাইল এলাকায় গার্ডেন ভিউ রেস্তোরাঁর সামনে নওগাঁগামী একটি লরি ট্রাক্টরে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে অনেকটা দূরে ছিটকে পড়েন জাকারিয়া। তার মাথাতে হেলমেটও ছিল না। মাথায় মারাত্মক চোট লেগে অতিরিক্ত রক্ত বের হতে থাকে। পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। জাকারিয়ার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এইচই