জেলা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ১১:০০ এএম
কুষ্টিয়ায় জিকে খাল থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার সময় স্থানীদের দেওয়া সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া পশ্চিম ক্যানাল পাড়া এলাকার জিকে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সামিদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি খালে অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশের উপস্থিতে লাশটি খালের কিনারায় তোলা হয়।
ওসি আশিকুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভাসমান থাকা অবস্থায় তার পরনে কোনো কাপড় ছিল না। তাবে লাশে শরীরে আঘাতের চিহ্ন আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উৎঘাটনের জন্য কাজ শুরু করেছে পুলিশ। তবে এখনো উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি।
টিবি