images

সারাদেশ

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২২, ০৭:৫৫ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মোমেনা খাতুন (৪৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী আমিনুল ইসলাম। 

একই সময় সদর উপজেলার রুদ্রনগর গ্রামে নামাজ শেষে ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেয়া দোকানের প্রাচীর ভেঙে চাপা পড়ে নারীসহ পাঁচজন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধা ৭টার দিকে পৃথক দুটি স্থানে ওই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মোমেনা খাতুন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। 

আহতরা হলেন—নিহত মোমেনা খাতুনের স্বামী আমিনুল ইসলাম (৫৫), একই উপজেলার হাউলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার মৃত শমসের আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), ইসরাফিল আলীর ছেলে ইউসুফ আলী (৩৮), নূর ইসলামের ছেলে আবু বক্কর (৪০), বাক্কার আলীর ছেলে আক্কাস আলী (৩৩) এবং সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মওলা কবীরের স্ত্রী ফুলসিরাতুল খাতুন (৪২)।

জানা গেছে, কালবৈশাখী ঝড়ের সময় মোমেনা খাতুন ও তার স্বামী আমিনুল ইসলাম ঘরের বারান্দায় বসেছিল। এসময় ঘরের পাশে একটি লিছু গাছের ডাল ভেঙে টিনের চালে পড়লে ঘটনাস্থলেই মোমেনা খাতুনের মৃত্যু হয় এবং তার স্বামী আহত হয়।

অন্যদিকে, মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে চারজন মুসুল্লি রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার বকুলের ওষুধের দোকানে আশ্রয় নেয়। এসময় প্রচণ্ড বাতাসে দোকানের প্রাচীর ভেঙে চারজনের ওপর পড়লে তারা আহত হয়।
 
স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এদিকে, ফুলসিরাতুল খাতুন বাড়ির ছাদে কাজ করছিল। এসময় ঝড়ে গাছের একটি ডাল ভেঙে তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এছাড়া, ঝড়ের কবলে উঠতি সবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষকরা।

আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গার পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, সন্ধ্যার পর প্রায় আধা ঘণ্টা বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এসময় বাতাসের বেগ ছিল ঘন্টায় ৬৪ কিলিমিটার এবং ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ঝড়ের সময় টিনের চালে ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীও গুরুতর আহত হয়েছে। এ বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এইচই