জেলা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৩, ০৩:২০ পিএম
মানিকগঞ্জ পৌরসভার দখলে থাকা গ্যারেজের তালা দেওয়ায় জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী। সংবাদ সম্মেলন শেষ করে মেয়রের নেতৃত্বে কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা তালা ভেঙে গ্যারেজ দখল নিয়েছেন। তবে জেলা পরিষদের চেয়ারম্যান গ্যারেজে তালা দেওয়ার কথা অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মেয়র রমজান আলী।
তিনি বলেন, শহরের বেউথা এলাকায় ফায়ার সার্ভিসের অপর পাশে পৌরসভার জায়গায় ওয়াল করে ওপরে টিন দিয়ে এক মার্কেটসহ গ্যারেজ করা হয়েছে। সেই জায়গা জেলা পরিষদ অবৈধ্যভাবে দখল নেওয়ার জন্য গত মঙ্গলবার দিবাগত রাতে তালা দেয়। সে কারণে গ্যারেজে ৩টি ময়লা ফেলার গাড়ি আটকে পড়ে। ময়লার গাড়ি আটকে পড়ার কারণে পৌর এলাকার আবর্জনা সরাতে পারছি না দুই দিন ধরে। ময়লার গন্ধে পৌরবাসি দুর্ভোগে রয়েছে। সে জন্য তালা ভেঙে আমরা আমাদের গাড়ি বের করবো এবং দখলে যাব।
এর পরে তারা তালা ভেঙে ময়লার গাড়ি বের করেন এবং মার্কেট দখলে নেন।
জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, আমরা কেউ মার্কেট বা গ্যারেজে তালা দেইনি। তারাই নাটক সাজিয়ে এমনটা করছেন।
উল্লেখ্য, মানিকগঞ্জে ৮.২৬ শতাংশ জমি নিয়ে পৌরসভা ও জেলা পরিষদের মধ্যে আদালতে মামলা চলছে। এই মামলায় গত জুলাই মাসের ২৬ তারিখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দুই পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। এরই মধ্যে এমন ঘটনা ঘটে।
টিবি