images

সারাদেশ

হেফজখানার খাদেম হত্যা: দুই আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৩, ০৫:৩৮ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের হেফজখানা কমিটির খাদেম ছহিরউদ্দিন (৭০) হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের (দক্ষিণপাড়া) আলী হোসেনের ছেলে ইমদাদুল হক ইন্দা ও একই গ্রামের শুকুর আলী ছেলে খোকন আলী।

মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ জনাকীর্ণ আদালতে এই রায় দেন।

মামলার বিবরণ জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের ছহিরউদ্দীন কবরস্থান সংলগ্ন হেফজখানা কমিটির খাদেম ছিলেন। ঘটনার দিন সকাল ৯টার দিকে হেফজখানায় দান করা ৩ ছাগলের জন্য পাশে মিন্টু মিয়ার মেহগনি বাগানের মধ্যে ঢুকে কাঁঠালের পাতা কাটতে শুরু করেন। এসময় সেখানে ওঁৎ পেতে থাকা ইমদাদুল হক ইন্দা ও খোকন আলী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত ছহির উদ্দীনের ছেলে আখের আলী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পড়ে গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুর রহমানের ওপর। পরে মামলাটি কুষ্টিয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসআই শরিফুল ইসলামকে হস্তান্তর করা হয়। শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইমদাদুল হক ইন্দা ও খোকন আলীকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

এতে আসামি ইমদাদুল হক ইন্দা ও খোকন আলী সন্দেহতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

মামলা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামির পক্ষে অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান কৌশলী ছিলেন।

প্রতিনিধি/এসএস