Dhaka Mail Logo

সারাদেশ

এসএসসি পরীক্ষায় দুই যমজ বোনের চমক, হতে চায় ব্যারিস্টার

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৩, ১০:০৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষায় যমজ দুই বোন জিপিএ ৫ পেয়েছে। দুই যমজ বোন হলো—রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি। এ নিয়ে দুই বোনের চমকে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

তারা উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের ব্যবসায়ী মো. কামরুজ্জামান খোকন ও গৃহিনী মাহমুদা জামানের মেয়ে। কথা ও মিথি মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা অংশ নেয়।

পারিবারিক সূত্র জানায়, ছোটবেলা থেকেই তারা মেধাবী। দুজনেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। করোনার কারণে ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষা হয়নি। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় তারা মেধার স্বাক্ষর রাখে। এসএসসিতে দুজন একসাথে জিপিএ ৫ পেয়ে চমক দেখিয়েছে।

কথা ও মিথির বাবা কামরুজ্জামান খোকন বলেন, তার যমজ দুই মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। তাদের ফলাফল যে ভাল হবে আমরা বুঝতে পেরেছিলাম। সবসময় তারা লেখাপড়ায় ব্যস্ত সময় পার করেছে। মেয়েদের ভাল ফলাফলে আমরা পরিবারের সবাই খুব আনন্দিত।

এ ব্যাপারে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান জানান, কথা ও মিথি যমজ দুই বোন খুবই মেধাবী ছাত্রী। তারা নিয়মিত ক্লাস, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছে। কঠোর অধ্যবসায় করলে ভাল ফলাফল অর্জন করা যায় মিথি ও কথা তার উজ্জল দৃষ্টান্ত। তাদের এই ফলাফলে বিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত।

এ ব্যাপারে মেধাবী যমজ দুই বোন কথা ও মিথি জানান, তাদের এই সাফল্যের পেছনে নানা-নানি, বাবা-মা এবং শিক্ষকদের অবদান রয়েছে। সকলের দোয়া ও ভালবাসায় ভবিষ্যতে ব্যারিস্টার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।

প্রতিনিধি/এইচই