জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ১০:১৪ এএম
‘যারা করে নিয়মিত রক্তদান, তারাই আসল মানবতাবান’, ‘গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উঞ্চায়ন ও জলবায়ু রোধ করুন’— এই দুই শ্লোগান নিয়ে ৪০ দিনে ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করেছেন বীর কুমার তঞ্চঙ্গ্যা।
মঙ্গলবার (১৮ জুলাই) ভোর ৫টায় বান্দরবান-রাঙ্গামাটি সড়কে স্বর্ণ মন্দির সংলগ্ন ব্রিজে সংক্ষিপ্ত আলাপে ঢাকা মেইলের প্রতিবেদককে তিনি এ কথা জানান।
বীর কুমার তঞ্চঙ্গ্যা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুক্যাছড়ি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া শেষ করেছেন।
বীর কুমার তঞ্চঙ্গ্যা জানান, গত ৮ জুন ফেনী জেলা থেকে মণি কিশোর, বিশ্বজিৎ দাশ এক সঙ্গে তিন জন সারাদেশ ভ্রমণ শুরু করেন। কিন্তু সাইক্লিস্ট মনি কিশোরের জ্বর হওয়ার কারণে ২৭তম জেলা জয়পুরহাট থেকে ও বিশ্বজিৎ দাশ ৩২তম জেলা রাজশাহীতে এসে অসুস্থ হলে তারা ভ্রমণ থেকে বাদ পরেন। এরপর তিনি একাই অন্যান্য জেলা শেষ করে মঙ্গলবার দুপুর নাগাদ নিজ জেলা রাঙ্গামাটি পৌঁছবেন। এরপর ৪০ দিনে সারা বাংলাদেশ বাই সাইকেলে পরিভ্রমণ শেষ করবেন।
তিনি জানান, যেখানে বিশ্রাম নিয়েছেন কিংবা থেমেছেন সেখানেই লোকজনের উদ্দেশে নিয়মিত রক্তদান করার উৎসাহ দিয়ে কথা বলেছেন আর গাছ কাটা থেকে বিরত থাকার আহবান জানিয়ে বৈশ্বিক উঞ্চায়ন ও জলবায়ু রোধ করার জন্য লোকজনকে উদ্বুদ্ধ করেছেন। তার এই ভ্রমণে সারাদেশের সংশ্লিষ্ট এলাকার সাইক্লিস্টরা সার্বিক সহযোগিতা করেছেন।
৪০ দিনের ভ্রমণে ১৫ হাজার টাকা দামের সাধারণ সাইকেলের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা ও তার প্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মোর্তুজার ছবি লাগিয়ে ৬৪ জেলায় গেছেন।
এসময় তিনি যশোর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিল্লোল চাকমা ও সাবেক ক্রিকেটার নড়াইল জেলার সাংসদ মাশরাফি বিন মোর্তুজার ভাই মোরসালিন বিন মোর্তুজার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
এই সাইকেল ভ্রমণে কোথাও সমস্যায় পড়েছেন কিনা প্রশ্নে তিনি জানান, ঢাকা ও বরগুনা জেলার দুই জায়গায় সাইকেলের চাকা পাংচার হলে একটু সমস্যায় পড়েছিলেন। আর নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে এক মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে সামান্য আহত হয়েছেন। আর তেমন কোনো বড় ধরনের সমস্যায় পড়েননি তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে ১১ দিন বাই সাইকেল চালিয়ে টেকনাফ পৌঁছেছিলেন বলেও জানান তিনি।
তরুণ এই সাইক্লিস্ট ৪০ দিনে ৬৪ জেলা ভ্রমণ করতে যারা তাকে সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
টিবি