জেলা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৩, ০৮:২১ পিএম
আপন চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফেনীর সোনাগাজীর মো. সিরাজুল ইসলাম (৪৪) দীর্ঘ ১৯ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়েছে র্যাবের হাতে।
মঙ্গলবার (৪ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজুল ইসলাম ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী গ্রামের মৃত আহছান উল্লাহ’র ছেলে।
র্যাব জানায়, নিহত মো. শহীদুল্লা ফেনী জেলার সোনাগাজী এলাকার বাসিন্দা। নিহতের সাথে তার আপন চাচার সাথে পৈত্রিক সম্পত্তির ভাগ-বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ২০০৪ সালের ২৮ মে নিহত শহীদুল্লা ও তার আপন দুই ভাইয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে চাচা ও চাচাতো ভাইয়েরা।
ঘটনার পর স্থানীয় লোকজন শহীদুল্লা ও তার অপর দুই ভাইকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শহীদুল্লা। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে ফেনীর সোনাগাজী থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি মো. সিরাজুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
আসামি মো. সিরাজুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকায় এরই মধ্যে আদালত ২০১২ সালে এ মামলায় আসামি মো. সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, মো. সিরাজুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনামে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করে। অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৯ বছর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মনামে আত্মগোপন করে ছিল।
ফেনীস্থ র্যাব-৭ এর ফেনী কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এমএইচটি