images

ককপিট

বিমানের খাবার নিয়ে ভারতীয় রন্ধনশিল্পী সঞ্জীবের ক্ষোভ

এভিয়েশন ডেস্ক

০১ মার্চ ২০২৩, ০৯:১৬ পিএম

বিমান ভ্রমণে সাধারণত যাত্রীদের খাবার দেওয়া হয়। সেই খাবারের মান ভালো ও পুষ্টিগুণসম্পন্ন হবে, এমনটাই আশা করেন যাত্রীরা। কিন্তু এক্ষেত্রে আশাহত হন অনেকে। বিমানের খাবারের মান নিয়ে প্রায়ই প্রশ্ন তোলেন সাধারণ যাত্রী থেকে শুরু করে বিভিন্ন তারকারাও। সম্প্রতি সেই দলে যুক্ত হন কলকাতার অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এমিরেটসের খাবারে চুল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এয়ার ইন্ডিয়ার খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারকা রন্ধনশিল্পী সঞ্জীব কপূর।

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে (০৭০৪) চড়ে নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিলেন সঞ্জীব কপূর। নিয়ম অনুযায়ী বিমানে তাকে খাবার দেওয়া হয়। আর সেই খাবারের মান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করে নিজের টুইটারে খাবারের ছবি প্রকাশ করে সঞ্জীব লিখেছেন, ‘ঠান্ডা চিকেন টিক্কার সঙ্গে তরমুজ, শসা, টম্যাটো, সামান্য মেওয়ানিজ আর বাঁধাকপির পুর দেওয়া শুকনো স্যান্ডউইচ, সুগার সিরাপ দিয়ে তৈরি ক্রিম এবং মাখন।’

টুইটে আরও লেখেন, ‘এবার একটু সজাগ হোন। ভারতীয়রা কি সকালে এমন খাবার সত্যিই খান?’

এই টুইটের পর আরও অনেকেই বিমান সংস্থাটির উপর ক্ষোভ প্রকাশ করেন। তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে সঞ্জীবের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে কি না, সেই বিষয়ে মুখ খোলেননি তিনি।

এমএইচটি