নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি ও বিমান পরিবহন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের ভ্রমণবিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’ এ পুরস্কার দিয়েছে। একই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে বেসরকারি এই বিমান সংস্থাটি।
অনুষ্ঠানে বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্সের স্বীকৃতিও পেয়েছে ইউএস-বাংলা।
রোববার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ এর পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্য অতিথিরা।
এছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড এবং বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউট স্ট্যান্ডিং কানেক্টটিভিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
অতিথিদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া এসব পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।

পুরস্কার অর্জনের বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এমন স্বীকৃতির ফলে ভবিষ্যতে উত্তরোত্তর আরো ভালো করার ক্ষেত্রে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিজ্ঞাবদ্ধ।’
উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ সহ ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’পুরস্কারে ভূষিত হয়েছিল।
এমআর