Dhaka Mail Logo

ককপিট

ইউএস-বাংলার বহর সম্প্রসারণ, এভিয়েশন খাত নিয়ে আশাবাদী বোয়িং

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে নতুন ২১টি বিমান যুক্ত করার সিদ্ধান্তকে এয়ারলাইন্সটির অগ্রগতির বড় মাইলফলক হিসেবে দেখছে বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং।  বুধবার (২৯ জুলাই) রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগে বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত করার কথা জানায় ইউএস-বাংলা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ বলেন, আজ এখানে উপস্থিত হতে পারা আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। ইউএস-বাংলার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বোয়িং ব্র্যান্ডকে দেখতে পাওয়া সত্যিই আনন্দদায়ক এবং আমরা এই আয়োজনে অংশ নিতে পেরে অত্যন্ত উত্তেজিত। 

আজ ইউএস-বাংলা এয়ারলাইন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ তারা আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী বোয়িং বিমান অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের প্রবৃদ্ধির পরবর্তী ধাপে পা রাখছে।

তিনি বলেন, এই সিদ্ধান্তটি বাংলাদেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ সম্পর্কে এয়ারলাইন্সের আত্মবিশ্বাস এবং যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সংযোগ সম্প্রসারণের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে।

উল্লেখ্য, ২০২৭ সালের মধ্যে এই উড়োজাহাজগুলো ধাপে ধাপে ইউএস-বাংলার বহরে যুক্ত হবে।

বিইউ/এআরএম