images

ককপিট

ঢাকা ট্রাভেল মার্টে ইউএস-বাংলার টিকিটে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়

এভিয়েশন ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম

রাজধানীতে চলমান ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এ ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। মেলার স্টল থেকে টিকিট কিনলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে বড় অঙ্কের মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত।

মেলার ১ নম্বর প্যাভিলিয়নে ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টলে গিয়ে দেখা যায় ভ্রমণপ্রেমীদের উপচে পড়া ভিড়। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে অভ্যন্তরীণ সব রুটে ১৫ শতাংশ এবং আন্তর্জাতিক রুটের টিকিটে ১২ শতাংশ ছাড় ঘোষণা করেছে। পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা এই সুযোগ কাজে লাগিয়ে আগাম টিকিট সংগ্রহ করছেন। স্টলে থাকা প্রতিনিধিরা দর্শনার্থীদের বিভিন্ন গন্তব্যের সময়সূচি ও প্যাকেজ সম্পর্কে তথ্য প্রদান করছেন।

আরও পড়ুন: পর্যটন মেলা 'ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬' শুরু: মিলছে বিশেষ ছাড় ও অফার

শুধুমাত্র টিকিটে ছাড় নয়, ইউএস-বাংলা তাদের হলিডে প্যাকেজগুলোকে নতুন আঙ্গিকে উপস্থাপনের পরিকল্পনা নিয়েছে। 

maret_pic

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের হলিডে প্যাকেজগুলো নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরছি। মালদ্বীপ, ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই ও কলকাতাসহ জনপ্রিয় আন্তর্জাতিক গন্তব্যগুলোতে পুনরায় কাস্টমাইজড প্যাকেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

এছাড়া কক্সবাজার, সিলেট ও চট্টগ্রামের বিদ্যমান প্যাকেজগুলোকেও আরও সহজলভ্য করা হচ্ছে বলে তিনি জানান।

ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ-পরবর্তী ছুটি বা গ্রীষ্মকালীন ভ্রমণের পরিকল্পনা যাদের রয়েছে, তাদের জন্য এই অফারটি একটি সেরা সুযোগ। তবে বিশেষ এই ছাড় শুধুমাত্র মেলা চলাকালীন ১ নম্বর প্যাভিলিয়নের স্টল থেকে টিকিট কিনলেই পাওয়া যাবে।

সময়সূচি ও মেলার তথ্য

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় অংশ নেওয়া অন্যান্য এয়ারলাইনস ও ট্যুর অপারেটরের মাঝে ইউএস-বাংলার এই ডিসকাউন্ট অফারটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এজেড