নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ১২:৩২ এএম
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।
৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর: বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।
আরও পড়ুন
পাইলট ও ক্রুদের উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখালো ইউএস-বাংলা
রিয়াদ, জেদ্দা ও মাস্কাটে নিয়মিত ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেছে।
যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ প্রদান করা হবে।
টিকেট বুকিংসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬.
জেবি