অটোমোবাইল ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
ভারতের বাজারে নতুন বিএমডব্লিউ আর ১২ জি/এস মোটরসাইকেল নিয়ে এসেছে বিএমডব্লিউ মোটরাড। প্রিমিয়াম অ্যাডভেঞ্চার ঘরানার এই বাইকের প্রাথমিক এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ২৫.৪০ লাখ রুপি, আর সরবরাহও ইতিমধ্যে শুরু হয়েছে। এই দাম দিয়ে ভারতে প্রিমিয়াম স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি কেনা যায়।
ভারতের গুরগাঁও থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতে কেবল প্রো সংস্করণে সম্পূর্ণ তৈরি আমদানি করা মডেল হিসেবে এই মোটরসাইকেল পাওয়া যাবে। ১৯৮০ সালে উৎপাদন শুরু হওয়া বিএমডব্লিউ আর ৮০ জি/এসের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে নতুন আর ১২ জি/এস তৈরি করা হয়েছে। এতে চিরায়ত বক্সার ইঞ্জিন ও শ্যাফ্ট ড্রাইভের পাশাপাশি রয়েছে অফ-রোডিং উপযোগী কাঠামো, দীর্ঘ পরিসরের সাসপেনশন এবং ক্রস-স্পোক চাকা।
বাইকটিতে রয়েছে ১,১৭০ সিসির বায়ু ও তেল শীতল বক্সার ইঞ্জিন। এই ইঞ্জিন প্রতি মিনিটে ৭,০০০ ঘূর্ণনে সর্বোচ্চ ১০৯ হর্সপাওয়ার শক্তি এবং প্রতি মিনিটে ৬,৫০০ ঘূর্ণনে ১১৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনের বোর ১০১ মিলিমিটার এবং স্ট্রোক ৭৩ মিলিমিটার, যার সঙ্গে যুক্ত রয়েছে শ্যাফ্ট ড্রাইভ ব্যবস্থা। বাইকের বাম দিকে নিষ্কাশন ব্যবস্থা বসানো হয়েছে এবং এর পেছনের সাইলেন্সারটি রাখা হয়েছে বেশ উঁচুতে।
অফ-রোডিংয়ের কথা মাথায় রেখে এতে টিউবুলার স্টিল স্পেসফ্রেম ব্যবহার করা হয়েছে, যার পেছনের ফ্রেমটি বোল্টের মাধ্যমে মূল কাঠামোর সঙ্গে যুক্ত। সাধারণ সংস্করণে সামনে ২১ ইঞ্চির চাকা দেওয়া হয়েছে, আর এনডুরো প্যাকেজ নিলে পেছনে ১৮ ইঞ্চির চাকা পাওয়া যাবে। উভয় চাকাতেই অফ-রোডিং উপযোগী ক্রস-স্পোক নকশা রাখা হয়েছে।
সাসপেনশন ব্যবস্থায় সামনে রয়েছে ৪৫ মিলিমিটার আপসাইড-ডাউন টেলিস্কোপিক ফর্ক, যা সম্পূর্ণ সমন্বয়যোগ্য এবং এর কার্যকর পরিসর ২১০ মিলিমিটার। পেছনে রয়েছে প্যারালেভার সুইংআর্ম এবং সম্পূর্ণ সমন্বয়যোগ্য স্প্রিং স্ট্রাট, যার পরিসর ২০০ মিলিমিটার।
বিএমডব্লিউ আর ১২ জি/এসের এনডুরো প্যাকেজে মোট আটটি বাড়তি সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অফ-রোড টায়ার, এনডুরো ফুটরেস্ট, ইঞ্জিন গার্ড এবং হ্যান্ডেলবার রাইজার। এ ছাড়া হ্যান্ডেলবার ২০ মিলিমিটার উঁচু করার সুবিধাও রাখা হয়েছে।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে এক্স আকৃতির আলোকসজ্জাসহ এলইডি হেডল্যাম্প, মাঝখানে স্থাপিত গোলাকার যন্ত্রাংশ গুচ্ছ এবং ১২ ভোল্ট বিদ্যুৎ সংযোগ পোর্ট। পেছনের ফ্রেমে দুটি ইস্পাতের বাঁধার পয়েন্ট রয়েছে, যা দিয়ে বাড়তি সরঞ্জাম বা মালামাল নিরাপদে বাঁধা যাবে।

সাধারণ বিএমডব্লিউ আর ১২ জি/এসে রেইন, রোড এবং এনডুরো নামে তিনটি রাইডিং মোড রয়েছে। এনডুরো প্যাকেজ যুক্ত করলে বাড়তি হিসেবে এনডুরো প্রো মোড পাওয়া যাবে।
নিরাপত্তার জন্য বাইকটিতে ডায়নামিক ট্র্যাকশন কন্ট্রোল এবং ইঞ্জিন ড্র্যাগ টর্ক কন্ট্রোল সুবিধা দেওয়া হয়েছে। অফ-রোডিংয়ের সময় প্রয়োজন অনুযায়ী ট্র্যাকশন কন্ট্রোল বন্ধ করে পেছনের চাকার পিছলে যাওয়ার ওপর চালক আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। ব্রেকিংয়ের জন্য সামনে রয়েছে দুটি ৩১০ মিলিমিটার ডিস্ক ও দুই পিস্টনের ভাসমান ক্যালিপার, আর পেছনে রয়েছে ২৬৫ মিলিমিটার ডিস্ক ও দুই পিস্টনের ভাসমান ক্যালিপার। এর সঙ্গে থাকা বিএমডব্লিউ মোটরাড অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম প্রো বাঁক নেওয়ার সময় বাইক হেলানো অবস্থাতেও কার্যকর ব্রেকিং নিশ্চিত করে।
আরও পড়ুন: সুটকেসের মতো ভাঁজ করা যাবে হোন্ডার এই ইলেকট্রিক স্কুটার
বাড়তি স্বাচ্ছন্দ্যের জন্য কমফোর্ট প্যাকেজে রয়েছে শিফট অ্যাসিস্ট্যান্ট প্রো, যার মাধ্যমে বেশির ভাগ গতি ও ভারের অবস্থায় ক্লাচ না চেপেই গিয়ার বদলানো যায়। পাশাপাশি অ্যাডাপ্টিভ হেডল্যাম্প, হিল স্টার্ট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এবং উত্তপ্ত হাতল সুবিধাও রাখা হয়েছে, যা অফ-রোড ও দীর্ঘ ভ্রমণে চালককে বাড়তি স্বস্তি দেবে।
চিরায়ত বক্সার ইঞ্জিনের বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক অফ-রোড প্রযুক্তি ও প্রিমিয়াম সুবিধা মিলিয়ে বিএমডব্লিউ আর ১২ জি/এস ভারতের প্রিমিয়াম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বাজারে নতুন মাত্রা যোগ করেছে।
এজেড