অটোমোবাইল ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
বৈদ্যুতিক যানবাহনের দুনিয়ায় একের পর এক নতুন ধারণা যুক্ত হচ্ছে, আর সেই ধারায় জাপানের গাড়ি ও মোটরসাইকেল নির্মাতা হোন্ডা এনেছে ভাঁজযোগ্য ইলেকট্রিক স্কুটার হোন্ডা মোটোকমপ্যাক্টো। সহজেই গুটিয়ে রাখা যায় বলে এটি বাড়ি বা অফিসে রাখার পাশাপাশি গাড়ির ডিকিতেও অনায়াসে বহন করা সম্ভব।
এই ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ভাঁজ করার সুবিধা, যা অনেকটা ভাঁজ করা চেয়ারের মতো গুটিয়ে রাখা যায়। মাত্র ১৯ কিলোগ্রাম ওজন হওয়ায় যাতায়াতের পথে এটি সঙ্গে নেওয়া বেশ সহজ।

আশির দশকের জনপ্রিয় মোটোকম্পো স্কুটারের অনুপ্রেরণায় তৈরি এই নতুন মডেলের নাম রাখা হয়েছে মোটোকমপ্যাক্টো। প্রথমে ২০২৩ সালে এর তথ্য প্রকাশ করা হলেও পরবর্তীতে এটি বাজারে উন্মোচন ও বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
আরও পড়ুন: দুর্ঘটনায় বেলুনের মতো ফুলে উঠবে হেলমেট, ভাইরাল ভিডিওর আসল সত্য জানুন
সুটকেসের আদলে গড়া স্কুটারটির নকশায় ছোট আকারের হোন্ডা লোগোসহ নানা সূক্ষ্ম নকশা রয়েছে, আর এটি সর্বোচ্চ ১২০ কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। ভাঁজ করা অবস্থায় এর দৈর্ঘ্য ৭৪২ মিলিমিটার, প্রস্থ ৯৪ মিলিমিটার এবং উচ্চতা ৫৩৬ মিলিমিটার, যেখানে ভাঁজযোগ্য আসন ও হ্যান্ডেলবার থাকায় বহন করা আরও সুবিধাজনক।

হোন্ডা মোটোকমপ্যাক্টোতে রয়েছে পার্মানেন্ট ম্যাগনেট ডিরেক্ট ড্রাইভ মোটর, যা ৪৯০ ওয়াট শক্তি এবং ১৬ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এক পূর্ণ চার্জে এটি ১৯ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে, সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪ দশমিক ১৪ কিলোমিটার এবং ০ দশমিক ৭ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারি প্যাক পুরোপুরি চার্জ হতে সময় লাগে ৩ ঘণ্টা।
যুক্তরাষ্ট্রের বাজারে এই স্কুটারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৫ ডলার। আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে এটি পাওয়া যাবে। শিগগিরই ভারতের কয়েকটি নির্বাচিত শহরেও স্কুটারটি চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এজেড