Dhaka Mail Logo

অটোমোবাইল

হিরো স্প্লেন্ডর এক্সটেক: সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল, দাম ১ লাখ

অটোমোবাইল ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

জনপ্রিয় কমিউটার মোটরসাইকেলগুলোর মধ্যে অন্যতম হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক। সাধারণ ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং দারুণ মাইলেজের কারণে মধ্যবিত্ত ক্রেতাদের কাছে এই বাইকটির ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণ মডেলের তুলনায় এক্সটেক সংস্করণে বেশ কিছু আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করে তোলে।

চলতি বছরের নভেম্বর মাসে ভারতের পাঁচটি বড় শহরে হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেকের অন-রোড দামে বেশ পার্থক্য দেখা গেছে। এক্স-শোরুম মূল্যের পাশাপাশি নিবন্ধন খরচ এবং বিমা বা ইনস্যুরেন্স চার্জ যুক্ত হয়ে শহরভেদে এই দামের হেরফের ঘটে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের দিল্লিতে এই বাইকটির অন-রোড দাম সবচেয়ে কম, মাত্র ৯৯ হাজার ৭৩১ রুপি। অন্যদিকে কলকাতায় এই বাইক কিনতে খরচ পড়বে ১ লাখ ৫১৫ রুপি। এ ছাড়া মুম্বাইয়ে ১ লাখ ১ হাজার ৪৮৯ রুপি, চেন্নাইয়ে ১ লাখ ১ হাজার ৭৪৩ রুপি এবং বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি ১ লাখ ৪ হাজার ৭০৬ রুপি অন-রোড দাম নির্ধারণ করা হয়েছে।

hero-splendor-plus-xtec-disc-brake

বাইকটির ডিস্ক সংস্করণে সামনে ২৪০ মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যা ড্রাম সংস্করণের ১৩০ মিলিমিটার ব্রেকের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত ও নিরাপদ ব্রেকিং নিশ্চিত করে। উভয় সংস্করণের পেছনেই ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম রয়েছে। নিরাপত্তার জন্য এতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুবিধা যুক্ত করা হয়েছে, যার ফলে স্ট্যান্ড নামানো থাকলে বাইকের ইঞ্জিন চালু হবে না।

আরও পড়ুন: ২০০ কিলোমিটার রেঞ্জ ও আকর্ষণীয় ফিচারে নতুন ইলেকট্রিক বাইক আনছে হিরো

আধুনিক ফিচারের দিক থেকেও বাইকটি বেশ এগিয়ে। এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ইউএসবি চার্জিং পোর্ট, রিয়েল টাইম মাইলেজ নির্দেশক এবং এলইডি ডে টাইম রানিং লাইট রয়েছে। পাশাপাশি ব্লুটুথ সংযোগের মাধ্যমে বাইকের পর্দায় ফোনে আসা কল ও খুদে বার্তার সতর্কবার্তা দেখা যায়।

splendor-plus-xtec6659675a0b0d8

মাইলেজের ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠান প্রতি লিটারে ৭০ কিলোমিটার চলার দাবি করলেও বাস্তব পরীক্ষার ফলাফলে এর চেয়েও বেশি মাইলেজ পাওয়া গেছে। পরীক্ষায় দেখা গেছে, শহরের রাস্তায় এটি প্রতি লিটারে ৮৩ দশমিক ২ কিলোমিটার এবং মহাসড়কে ৯৫ দশমিক ৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। ক্রেতারা চাইলে মাত্র ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ৩৬ মাসের কিস্তিতেও বাইকটি কিনতে পারবেন, সেক্ষেত্রে মাসিক কিস্তি শুরু হবে ২ হাজার ৮৩৯ রুপি থেকে। তবে স্থানীয় ডিলার এবং চলতি অফারের কারণে চূড়ান্ত দামে কিছুটা পরিবর্তন আসতে পারে।

এজেড