Dhaka Mail Logo

অটোমোবাইল

মোটরসাইকেল বিক্রিতে বড় পতন, হিরোকে টপকে শীর্ষে হোন্ডা

অটোমোবাইল ডেস্ক

১৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে ভারতে মোটরসাইকেলের খুচরা বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন্স (এফএডিএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে দেশটিতে মোট ২৩ লাখ ২১ হাজার মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ে এই বিক্রির পরিমাণ ছিল ৩২ লাখ ৪০ হাজার।

বার্ষিক হিসাবে বিক্রি কমলেও মাসিক হিসাবে চিত্রটি ভিন্ন। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মোটরসাইকেলের বিক্রি ২৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। ফাডার মতে, গত বছরের তুলনায় বিক্রি কম দেখানোর প্রধান কারণ উৎসবের সময়সূচির পরিবর্তন।

তবে বিক্রির পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের অক্টোবর এখন পর্যন্ত ভারতের ইতিহাসে দ্বিতীয় সেরা মাস। ফাডার আশা, উৎসবের মৌসুমে হওয়া কেনাকাটার প্রভাব নভেম্বরের গাড়ি নিবন্ধনের পরিসংখ্যানে স্পষ্টভাবে দেখা যাবে।

hero-vs-honda

ব্র্যান্ডভিত্তিক বিক্রির হিসাবেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। হিরো মোটোকর্পকে পেছনে ফেলে বাজারের শীর্ষে উঠে এসেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। অক্টোবরে হোন্ডার বাজার অংশীদারিত্ব দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৭ শতাংশে। অন্যদিকে হিরো মোটোকর্পের বাজার অংশীদারিত্ব কমে ২৫ দশমিক ৭৮ শতাংশ হয়েছে। স্কুটার ও কমিউটার মোটরসাইকেল উভয় বিভাগেই হোন্ডার ভালো বিক্রির কারণে এই পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভারতের মোটরসাইকেলের বাজারে আধিপত্য ধরে রাখা হিরোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি।

আরও পড়ুন: হিরো প্যাশন এক্সপ্রো ড্রাম রিফ্রেশ এডিশনের দাম কমল

অক্টোবরে বৈদ্যুতিক মোটরসাইকেল ও স্কুটারের বাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। মোট বিক্রির ৯ দশমিক ৬৫ শতাংশই ছিল বৈদ্যুতিক মডেল। গত বছরের একই সময়ে এই অংশীদারিত্ব ছিল ৪ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাজারে বৈদ্যুতিক মডেলের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং মোট বাজারের প্রায় ১০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। পেট্রোলচালিত মডেলের বিক্রিতে ওঠানামার মধ্যেও বৈদ্যুতিক মোটরসাইকেলের এই অগ্রগতি ক্রেতাদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ই২০ পেট্রোল নিয়ে বাজারে অনিশ্চয়তার আবহে আগামী মাসগুলোতে বৈদ্যুতিক বাহনের চাহিদা কতটা বাড়ে, তা এখন দেখার বিষয়।

এজেড