Dhaka Mail Logo

অটোমোবাইল

কম বাজেটে দুর্দান্ত মাইলেজ ও আধুনিক ফিচারের সেরা কয়েকটি মারুতি গাড়ি

অটোমোবাইল ডেস্ক

১১ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম

কম বাজেটে এমন একটি গাড়ি কিনতে চাইছেন, যা একদিকে যেমন দুর্দান্ত মাইলেজ দেবে, অন্যদিকে পরিবারের সকলের জন্য হবে আরামদায়ক? তাহলে মারুতি সুজুকির ঝুলিতে রয়েছে একাধিক ভালো বিকল্প। কোম্পানির এস-প্রেসো থেকে শুরু করে অল্টো কে টেন, সেলেরিও, ওয়াগন আর এবং ফ্রঙ্কস—প্রতিটি গাড়িই নিজের বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এই গাড়িগুলোর দাম শুরু হচ্ছে মাত্র ৩.৫০ লাখ রুপি থেকে। মারুতি সুজুকির এই সাশ্রয়ী গাড়িগুলোর দাম, মাইলেজ এবং চমৎকার সব ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

সাশ্রয়ী দামে মারুতির জনপ্রিয় গাড়ি

মারুতি সুজুকি এস-প্রেসো গাড়িটি একটি বোল্ড মিনি এসইউভি ডিজাইনের সঙ্গে বাজারে আসে। এতে রয়েছে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং বক্সি স্ট্যান্স। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি থেকে। এর কেবিনে রয়েছে ইউনিক সেন্টার-মাউন্টেড ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ৭ ইঞ্চির স্মার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। গাড়িটির সিটিং পজিশন বেশ উঁচুতে হওয়ায় চালকের সামনে রাস্তা দেখতে বেশ সুবিধা হয় এবং শহরের যানজটের মধ্যেও গাড়িটি চালানো খুবই সহজ। পারফরম্যান্সের কথা বললে, এতে রয়েছে ১.০ লিটারের কে টেন সি পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন ৬৮ পিএস শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটি ৫ স্পিড ম্যানুয়াল এবং এএমটি অটোমেটিক গিয়ারবক্সের বিকল্পে পাওয়া যায়। পেট্রোলে এর মাইলেজ ২৪ থেকে ২৫.৩০ কিমি প্রতি লিটার এবং সিএনজিতে ৩২.৭৩ কিমি প্রতি কেজি। নিরাপত্তার জন্য এতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্র্যাকিং সিস্টেমের সঙ্গে ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম এবং রিয়ার পার্কিং সেন্সর।

car_pic1

ভারতের সবচেয়ে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য ফ্যামিলি হ্যাচব্যাক গাড়িগুলোর মধ্যে অন্যতম হলো মারুতি সুজুকি অল্টো কে টেন। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩ লাখ ৬৯  হাজার ৯০০ রুপি থেকে। বাইরে থেকে দেখতে কমপ্যাক্ট এবং স্লিক এই গাড়িতে রয়েছে হানিকম্ব ফ্রন্ট গ্রিল এবং পাপি-আই হেডল্যাম্প। এর ভেতরে রয়েছে ফ্লোটিং ৭ ইঞ্চির টাচস্ক্রিন, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, কী-লেস এন্ট্রি এবং পর্যাপ্ত কেবিন স্পেস। ইঞ্জিনের ক্ষেত্রে এতে রয়েছে ৯৯৮ সিসির নেক্সট-জেন কে-সিরিজ পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন ৬৮ পিএস শক্তি এবং ৯১ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটি ম্যানুয়াল এবং অটো গিয়ার শিফট—এই দুই ধরনের ট্রান্সমিশন বিকল্পে পাওয়া যায়। পেট্রোল ভ্যারিয়েন্টে এর মাইলেজ ২৪.৩৯ থেকে ২৪.৯ কিমি প্রতি লিটার এবং সিএনজি মডেলে ৩৩.৪ কিমি প্রতি কেজি পর্যন্ত। নিরাপত্তার জন্য এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্র্যাকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন, সিটবেল্ট প্রি-টেনশনার এবং রিভার্স পার্কিং সেন্সর।

মারুতি সুজুকি সেলেরিও গাড়ির থ্রি-ডি অর্গানিক স্কাল্পটেড ডিজাইন একে বেশ আধুনিক, কার্ভড এবং প্রিমিয়াম লুক দিয়েছে। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪ লাখ ৬৯  হাজার ৯০০ রুপি থেকে। এর কেবিনে রয়েছে পর্যাপ্ত লেগরুম, ৩১৩ লিটারের বড় বুট স্পেস এবং টুইন-পড অ্যানালগ-ডিজিটাল ক্লাস্টার। এছাড়াও এতে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন, স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল, পুশ স্টার্ট-স্টপ বাটন এবং প্যাসিভ কি-লেস এন্ট্রির মতো আরামদায়ক ফিচার। ইঞ্জিনের ক্ষেত্রে এতে রয়েছে ১.০ লিটারের কে টেন সি ডুয়াল-জেট পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিন ৬৭ বিএইচপি শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন—দুই ধরনের গিয়ারবক্স বিকল্পে পাওয়া যায়। পেট্রল ভ্যারিয়েন্টে সেলেরিওর মাইলেজ ২৫.২৪ থেকে ২৬.৬৮ কিমি প্রতি লিটার এবং সিএনজিতে ৩৪.৪৩ কিমি প্রতি কেজি। নিরাপত্তার জন্য এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট, অ্যান্টি-লক ব্র্যাকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন এবং ইঞ্জিন ইমোবিলাইজার।

টল-বয় ডিজাইনের জন্য পরিচিত মারুতি সুজুকি ওয়াগন আর-এর কেবিনে রয়েছে পর্যাপ্ত হেডরুম এবং বসার জায়গা। এই গাড়ির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪ লাখ ৯৮ হাজার ৯০০ রুপি থেকে। এর ইন্টিরিয়রে রয়েছে ডুয়াল-টোন ফিনিশ, ৭ ইঞ্চির স্মার্টপ্লে ইনফোটেনমেন্ট সিস্টেম, স্মার্টফোন কানেক্টিভিটি এবং ৩৪১ লিটারের বড় বুট স্পেস। গাড়িতে সহজে ওঠা ও নামার সুবিধার কারণে এটি বহু পরিবারের প্রথম পছন্দ। এই গাড়িতে রয়েছে ১.০ লিটারের এবং ১.২ লিটারের দুটি পেট্রল ইঞ্জিনের বিকল্প। দুটি ইঞ্জিনের সঙ্গেই ম্যানুয়াল এবং অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্সের বিকল্প পাওয়া যায়। ১.০ লিটারের পেট্রোল মডেলে মাইলেজ ২৪.৩৫ থেকে ২৫.১৯ কিমি প্রতি লিটার এবং সিএনজি মডেলে ৩৪.০৫ কিমি প্রতি কেজি পর্যন্ত। নিরাপত্তার ক্ষেত্রে ওয়াগন আর-এ স্ট্যান্ডার্ড হিসাবে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড এবং রিয়ার পার্কিং সেন্সর।

আরও পড়ুন: ইলেকট্রিক গাড়ির ব্যাটারি কি ৮০ শতাংশ নাকি ১০০ শতাংশ চার্জ দেওয়া উচিত?

মারুতি সুজুকি ফ্রঙ্কস হলো একটি চমৎকার ক্রসওভার এসইউভি। এর কুপে-স্টাইল রুফলাইন, কানেক্টেড এলইডি টেললাইট এবং স্প্লিট হেডল্যাম্প ডিজাইন গাড়িটিকে বেশ মজবুত ও আকর্ষণীয় লুক দিয়েছে। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬ লাখ ৮৯ হাজার ৯০০ রুপি থেকে। গাড়ির ইন্টিরিয়রে রয়েছে ডুয়াল-টোন ব্ল্যাক-বারগান্ডি ফিনিশ। এছাড়াও এতে রয়েছে ৯ ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন, হেড-আপ ডিসপ্লে, ওয়্যারলেস চার্জার এবং ৩৬০ ডিগ্রি সারাউন্ড ভিউ ক্যামেরা। ইঞ্জিনের ক্ষেত্রে এতে রয়েছে ১.২ লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড এবং ১.০ লিটারের টার্বো বুস্টারজেট ইঞ্জিনের বিকল্প। গাড়িটিতে ম্যানুয়াল, অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন এবং ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন পাওয়া যায়। পেট্রলে এর মাইলেজ ২০.০১ থেকে ২২.৮৯ কিমি প্রতি লিটার এবং সিএনজিতে ২৮.৫১ কিমি প্রতি কেজি পর্যন্ত। নিরাপত্তার জন্য এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড, অ্যান্টি-লক ব্র্যাকিং সিস্টেম উইথ ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন এবং আইসোফিক্স চাইল্ড সিট অ্যাঙ্কর।

এজেড