অটোমোবাইল ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে হিরো মোটোকর্প। সাম্প্রতিক ইআইসিএমএ শো-তে আত্মপ্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত হিরো এক্সপালস ৪৫০। আকর্ষণীয় অ্যাডভেঞ্চার ডিজাইন, উঁচু স্ট্যান্স এবং শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি বাইকটির ৮৪৮ মিলিমিটার সিট হাইট বা উচ্চতা নিয়ে বাইকপ্রেমীদের মনে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে কম উচ্চতার চালকদের জন্য এই বাইকটি সামলানো কতটা সহজ হবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

সামনে আসা বিভিন্ন তথ্য ও ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, হিরোর এই শক্তিশালী অ্যাডভেঞ্চার বাইকটি স্বাচ্ছন্দ্যে চালাতে হলে চালকের উচ্চতা কমপক্ষে ৬ ফুট হওয়া বাঞ্ছনীয়। কারণ ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার কোনো চালক এই বাইকে বসলে কেবল দুই পায়ের আঙুলের ভর দিয়ে মাটি স্পর্শ করতে পারেন, যা ট্রাফিক জ্যাম বা কঠিন পরিস্থিতিতে বাইকটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে কিছুটা বাড়তি দক্ষতার দাবি রাখে। তবে চালকের উচ্চতা ৬ ফুট বা তার বেশি হলে দুই পা মাটিতে রেখে বাইকটি দাঁড় করানো এবং সামলানো অনেকটাই সহজ হয়।

আরও পড়ুন: বাজারে এলো ডুকাটির নতুন অফ-রোড মোটরসাইকেল, দাম গাড়ির চেয়েও বেশি
অবশ্য শুধু সিট হাইট বা উচ্চতার মাপকাঠি দিয়েই একটি বাইকের প্রকৃত স্বাচ্ছন্দ্য পুরোপুরি বিচার করা যায় না। এর পাশাপাশি চালকের পায়ের দৈর্ঘ্য এবং সিটের গঠনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিরো এক্সপালস ৪৫০-এর সিটে বিশেষ খাঁজকাটা বা স্কুপড ডিজাইন রাখা হয়েছে। এছাড়া সিটের পেছনের অংশটি কিছুটা সরু হওয়ায় কম উচ্চতার চালকদেরও কিছুটা সুবিধা দিতে পারে। বাইকটিতে সিট সোজা করে বসার মতো আপরাইট রাইডিং পজিশন এবং ফুয়েল ট্যাঙ্কের দারুণ ডিজাইন রয়েছে, যা হাঁটু দিয়ে বাইকটিকে শক্ত করে আকড়ে ধরতে সাহায্য করে। তবে সামগ্রিক দিক বিবেচনায় এই বাইকটির প্রকৃত রাইডিং কমফোর্ট এবং রাইডিং আর্গোনমিক্স কেমন হবে, তা বাইকটি পুরোপুরি বাজারে আসার পর সরাসরি টেস্ট রাইড করলেই স্পষ্ট বোঝা যাবে।
এজেড