অটোমোবাইল ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
দৈনিক যাতায়াতের জন্য কম রক্ষণাবেক্ষণ খরচ ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে বাজারে বেশ জনপ্রিয় মোটরসাইকেল হিরো স্প্লেন্ডার প্লাস। বর্তমানে ভারতীয় বাজারে বাইকটির মোট চারটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে— ড্রাম ব্রেক, আইথ্রিএস, স্পেশাল এডিশন এবং ১২৫ মিলিয়ন এডিশন। তবে বাহ্যিক কালার অপশন ও দামে কিছুটা তারতম্য থাকলেও যান্ত্রিক ও কারিগরি দিক থেকে সবকটি মডেলের মূল ভিত্তি একই।
আরও পড়ুন: রয়্যাল এনফিল্ডের ইতিহাসে সবচেয়ে সেরা অ্যাডভেঞ্চার বাইক আনল
কারিগরি বৈশিষ্ট্যের দিক থেকে চারটি ভ্যারিয়েন্টেই ব্যবহার করা হয়েছে ৯৭.২ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮.০২ পিএস শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়, যার সঙ্গে যুক্ত রয়েছে চার-স্পিড গিয়ারবক্স। বাইকটিতে সেফটি ফিচার হিসেবে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম এবং সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ব্যবস্থা। ফ্রন্ট সাসপেনশনে টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। সাধারণ অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের এই বাইকে রয়েছে হ্যালোজেন লাইটিং, ইলেকট্রিক স্টার্ট ও কিক স্টার্ট সুবিধা। ১১২ কেজি ওজনের এই মোটরসাইকেলটির সিটের উচ্চতা ৭৮৫ মিলিমিটার এবং সংস্থাটির দাবি অনুযায়ী এর গড় মাইলেজ প্রতি লিটারে ৭০ কিলোমিটার।

চারটি ভ্যারিয়েন্টের মধ্যে ড্রাম ব্রেক মডেলের এক্স-শোরুম দাম ৭৮ হাজার ৯১২ রুপি, যা সবচেয়ে সাশ্রয়ী। আইথ্রিএস ভ্যারিয়েন্টের দাম ৮০ হাজার রুপি, যেখানে ট্রাফিক সিগন্যালে স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিন বন্ধ ও চালু করার প্রযুক্তি রয়েছে। এছাড়া স্পেশাল এডিশন এবং ১২৫ মিলিয়ন এডিশন ভ্যারিয়েন্ট দুটির দাম যথাক্রমে ৭৯ হাজার ৭১৫ রুপি ও ৮১ হাজার ৬৬৬ রুপি। দাম ও প্রাপ্ত ফিচারের সার্বিক দিক বিবেচনায় আইথ্রিএস ভ্যারিয়েন্টটি জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যের দিক থেকে সবচেয়ে ভারসাম্যপূর্ণ পছন্দ।
এজেড