Dhaka Mail Logo

অটোমোবাইল

গাড়ি ও বাইকের টায়ারে হাওয়ার বদলে নাইট্রোজন গ্যাস ভরলে মাইলেজ বাড়ে?

অটোমোবাইল ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম

গাড়ি কিংবা মোটরসাইকেলের টায়ারে হাওয়া ভরানো খুবই সাধারণ একটি কাজ। তবে সাম্প্রতিক সময়ে সাধারণ বাতাসের বদলে টায়ারে নাইট্রোজেন গ্যাস ভরার প্রবণতা বাড়ছে। অনেকের ধারণা, নাইট্রোজেন ব্যবহার করলে টায়ারের আয়ু বাড়ে, বারবার হাওয়া দেওয়ার ঝামেলা থাকে না এবং গাড়ির জ্বালানি সাশ্রয় বা মাইলেজ বৃদ্ধি পায়। কিন্তু এটি আসলেই কতটা সত্য?

সাধারণ বাতাস ও নাইট্রোজেনের পার্থক্য

সাধারণ বাতাসে এমনিতেই প্রায় ৭৮ শতাংশ নাইট্রোজেন ও ২১ শতাংশ অক্সিজেন থাকে। আর টায়ারে ব্যবহৃত নাইট্রোজেন গ্যাসটি সাধারণ বাতাসের তুলনায় কিছুটা বেশি বিশুদ্ধ ও আর্দ্রতাহীন হয়। তবে বিশুদ্ধ নাইট্রোজেন ভরলেই যে হঠাৎ করে মাইলেজ বা টায়ারের আয়ু বহুগুণ বেড়ে যাবে—বিষয়টি তেমন নয়।

নাইট্রোজেন গ্যাসের সুবিধা

নাইট্রোজেনের অণুগুলো আকারে বড় হওয়ায় এটি টায়ার থেকে ধীরে বের হয়, ফলে দীর্ঘ সময় টায়ারের চাপ বা প্রেশার স্থিতিশীল থাকে। এছাড়া এতে আর্দ্রতা না থাকায় টায়ারের ভেতরের রিম বা মেটালের ক্ষয় কমে। উচ্চ গতির রেসিং কার, বিমান কিংবা অতিরিক্ত উত্তপ্ত হওয়া ভারী যানবাহনের ক্ষেত্রে এই গ্যাস অত্যন্ত কার্যকর।

car-tyre-2026-05-dac65c63c1b2dabe815f3dd74df894c2

মাইলেজে আসল প্রভাব কী?

সাধারণ রাস্তায় প্রতিদিন চলা বাইক বা গাড়ির ক্ষেত্রে নাইট্রোজেনের সুবিধা তুলনামূলক সীমিত। কেবল নাইট্রোজেন ভরলেই মাইলেজ বাড়ে—এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মূল বিষয়টি হলো সঠিক টায়ার প্রেশার। টায়ারে হাওয়া কম থাকলে রাস্তার সঙ্গে ঘর্ষণ (রোলিং রেজিস্ট্যান্স) বাড়ে, ফলে ইঞ্জিনকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয় এবং জ্বালানি খরচ বাড়ে। প্রেশার ঠিক থাকলে সাধারণ হাওয়াতেও সমান মাইলেজ পাওয়া সম্ভব।

প্রতিদিনের ব্যবহারের জন্য কোনটি সেরা?

প্রতিদিনের যাতায়াত বা শহরের রাস্তায় চলা বাইক ও গাড়ির জন্য সাধারণ বাতাসই সম্পূর্ণ উপযুক্ত। এটি যেকোনো পেট্রোল পাম্প বা গ্যারেজে সহজে এবং নিখরচায় ভরানো যায়। অন্যদিকে নাইট্রোজেন ভরতে অতিরিক্ত অর্থ গুনতে হয় এবং সব জায়গায় এটি পাওয়াও যায় না।

আরও পড়ুন: মোটরসাইকেলে ভালো মাইলেজ পেতে হলে কোন গতিতে চালাতে হবে?

উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্দেশিত সঠিক প্রেশার মেনে চলা এবং নিয়মিত (সপ্তাহে বা ১০ দিনে অন্তত একবার) হাওয়ার চাপ পরীক্ষা করাই টায়ারের দীর্ঘায়ু ও সেরা মাইলেজ পাওয়ার মূল চাবিকাঠি। জরুরি প্রয়োজনে নাইট্রোজেন ভরা টায়ারে সাধারণ বাতাস মেশালেও কোনো ক্ষতি নেই।

এজেড