Dhaka Mail Logo

অটোমোবাইল

হোন্ডা সিটি পেট্রোল সিভিটি গাড়ির মাইলেজ কত?

অটোমোবাইল ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

হোন্ডা সিটির পঞ্চম প্রজন্মের মডেল ২০২৬ সালে দ্বিতীয়বার ফেসলিফট পেয়েছে। নতুন মডেলে সামনের নকশায় কিছু পরিবর্তন এলেও এর মূল পাওয়ারট্রেন অপশনে কোনো পরিবর্তন আনেনি নির্মাতা প্রতিষ্ঠান। ১.৫ লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের সঙ্গে ৬-স্পিড ম্যানুয়াল এবং সিভিটি গিয়ারবক্সের পাশাপাশি এতে শক্তিশালী স্ট্রং হাইব্রিড পাওয়ারট্রেনও রয়েছে। 

সম্প্রতি পেট্রোল ইঞ্জিন ও সিভিটি গিয়ারবক্সযুক্ত হোন্ডা সিটির বাস্তব রাস্তায় জ্বালানি দক্ষতা পরীক্ষা করা হয়েছে, যেখানে শহর ও হাইওয়ে উভয় পরিবেশেই গাড়িটির মাইলেজ যাচাই করা হয়েছে।

পরীক্ষায় দেখা গিয়েছে হোন্ডা সিটি পেট্রোল সিভিটি শহরের রাস্তায় প্রতি লিটারে ১০.১ কিলোমিটার এবং হাইওয়েতে প্রতি লিটারে ১৬.৪৯ কিলোমিটার পথ চলতে পারে। দুই ধরনের পরীক্ষার ফল মিলিয়ে গাড়িটির গড় বাস্তব মাইলেজ দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৩.৩ কিলোমিটার। গাড়িটির ৪০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক পূর্ণ করে এই মাইলেজে একবারের চেষ্টায় প্রায় ৫৩০ কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব।

honda_pic

হোন্ডা সিটির সিভিটি মডেলের অফিশিয়াল দাবি করা জ্বালানি দক্ষতা প্রতি লিটারে ১৭.৯৭ কিলোমিটার হলেও বাস্তব পরীক্ষায় হাইওয়েতে ১৬.৪৯ কিলোমিটার মাইলেজ পাওয়া গিয়েছে, যা দাবির কাছাকাছি। তবে শহরের রাস্তায় ঘন ট্রাফিক ও বারবার গতি ওঠানামার কারণে মাইলেজ কমে ১০.১ কিলোমিটারে নেমে এসেছে। বিশেষ করে গাড়িটিতে অটো স্টপ-স্টার্ট ব্যবস্থা না থাকায় দীর্ঘক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় জ্বালানি সাশ্রয় করা সম্ভব হয় না।

আরও পড়ুন: পুরনো লুকে মিলবে নতুন স্পিড, ল্যান্ড রোভার আনল নতুন ডিফেন্ডার গাড়ি

ড্রাইভিংয়ের সময় গাড়িটির সিভিটি গিয়ারবক্সের আচরণ বেশ সক্রিয় দেখা যায়। সামান্য থ্রটল ইনপুট দিলেই ইঞ্জিনের আরপিএম দ্রুত বৃদ্ধি পায়, ফলে গাড়িটি দ্রুত রেসপন্স করলেও বারবার থ্রটল ব্যবহারের কারণে শহুরে রাস্তায় জ্বালানি খরচ কিছুটা বেড়ে যায়। সঠিক ফুয়েল ট্যাঙ্ক ফিলিং, নির্ধারিত টায়ার প্রেশার, এবং ২২ ডিগ্রি সেলসিয়াসে এয়ার কন্ডিশনিং চালিয়ে নির্দিষ্ট রুট ও ড্রাইভিং প্রোটোকল মেনে এই বাস্তব মাইলেজ পরীক্ষাটি সম্পন্ন করা হয়েছে।

যাদের যাতায়াতে হাইওয়ে বা খোলা সড়কের পরিমাণ বেশি, তাদের জন্য হোন্ডা সিটির পেট্রোল সিভিটি মডেলের জ্বালানি দক্ষতা বেশ সন্তোষজনক মনে হতে পারে। তবে যারা প্রতিদিন নিয়মিত ব্যস্ত ও জ্যামময় শহুরে রাস্তায় গাড়ি চালান, তাঁদের জন্য প্রতি লিটার ১০.১ কিলোমিটারের পরীক্ষিত মাইলেজটি মাথায় রেখে পরিকল্পনা করা উচিত।

এজেড