Dhaka Mail Logo

অটোমোবাইল

রয়্যাল এনফিল্ড বৈদ্যুতিক বাইক বাজারে আনল, জানুন দাম ও ফিচার

অটোমোবাইল ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

মোটরবাইকের দুনিয়ায় রয়্যাল এনফিল্ড নতুন অধ্যায়ের সূচনা করেছিল ফ্লাইং ফ্লি সি৬। এবার সেই বৈদ্যুতিক মোটরসাইকেল পাড়ি দিল ইউরোপ ও ব্রিটেনের বাজারে। রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড ফ্লাইং ফ্লি-র প্রথম এই মডেলটি ইউরোপের পাঁচটি শহরে পাওয়া যাবে এবং আগামী অক্টোবর থেকেই সেখানে ডেলিভারি শুরু হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ফ্লাইং ফ্লি মোটরসাইকেল থেকে সি৬-এর নকশার অনুপ্রেরণা নেওয়া হলেও এতে রয়েছে একাধিক নতুন প্রযুক্তি।

দাম ও রঙের বিকল্প

ইউরোপে ফ্লাইং ফ্লি সি৬-এর দাম শুরু হচ্ছে ৫,৯৯০ ইউরো। অন্যদিকে, ব্রিটেনে মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ৫,৩০০ পাউন্ড। ইউরোপ ও ব্রিটেনের বাজারে বাইকটি ফ্লি গ্রিন, স্টর্ম ব্ল্যাক এবং নতুন প্যারাশুট হোয়াইট—এই তিনটি রঙে পাওয়া যাবে। আন্তর্জাতিক বাজারেই প্রথম নতুন প্যারাশুট হোয়াইট রঙটি যুক্ত করা হয়েছে, যা বর্তমানে ভারতের বাজারেও উপলব্ধ রয়েছে। ভারতে বেঙ্গালুরুতে এই মোটরসাইকেলের এক্স-শোরুম দাম ২.৭৯ লাখ রুপি।

royal-enfield-flying-flea-c6---right-side

যে পাঁচটি শহরে শুরু হচ্ছে বিক্রি

প্রথম পর্যায়ে ইউরোপের পাঁচটি প্রধান শহরে ফ্লাইং ফ্লি সি৬ বিক্রি করা হবে। এই শহরগুলোর তালিকায় রয়েছে প্যারিস, লন্ডন, বার্লিন, বার্সেলোনা এবং রোম। এই শহরগুলোতে আগামী অক্টোবর মাস থেকেই ডেলিভারি শুরু হওয়ার কথা জানিয়েছে রয়্যাল এনফিল্ড। তবে ভারতে সি৬-এর বিক্রি এখনও শুধু বেঙ্গালুরুতেই সীমাবদ্ধ রয়েছে এবং দেশের অন্যান্য শহরে কবে থেকে এটি পাওয়া যাবে, সেই বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

ব্যাটারি, মোটর ও রেঞ্জ

ফ্লাইং ফ্লি সি৬-তে রয়েছে একটি পিএমএস মোটর, যার সর্বোচ্চ শক্তি ১৫.৪ কিলোওয়াট। মোটরটিকে শক্তি জোগাতে ব্যবহার করা হয়েছে ৩.৯১ কিলোওয়াট আওয়ার এনসিএ ব্যাটারি প্যাক। ব্যাটারির সুরক্ষা এবং ওজন নিয়ন্ত্রণের জন্য ম্যাগনেশিয়াম অ্যালয় কেসিং ব্যবহার করা হয়েছে। ভারতের বাজারে সি৬-এর দাবি করা আইডিসি রেঞ্জ ১৫৪ কিলোমিটার হলেও, ইউরোপ এবং ব্রিটেনে এর ডব্লিউএমটিসি দাবি করা রেঞ্জ ১০৪ কিলোমিটার। তবে আন্তর্জাতিক বাজারের জন্য মোটরসাইকেলের মূল স্পেসিফিকেশন বা ফিচারে কোনো পরিবর্তন করা হয়নি।

re_pic

প্রযুক্তি ও রাইডার এইড

সি৬-এ রয়্যাল এনফিল্ডের বেশ কিছু নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, কাস্টমাইজ করা যায় এমন রাইডিং মোড এবং লিন-সেনসিটিভ এবিএস। ফলে বৈদ্যুতিক পাওয়ারট্রেনের পাশাপাশি ইলেকট্রনিক রাইডার এইডের ক্ষেত্রেও এটি সংস্থার প্রচলিত অন্যান্য মোটরসাইকেল থেকে আলাদা। পাশাপাশি, এতে নতুন এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং সামনের ইন্ডিকেটরগুলো হ্যান্ডেলবারের সঙ্গে সুন্দরভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। সি৬-এর সাফল্যের পর রয়্যাল এনফিল্ড এই একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে স্ক্র্যাম্বলার-ধাঁচের এস৬ মডেল আনারও পরিকল্পনা করছে।

এজেড