অটোমোবাইল ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
ইলেকট্রিক স্কুটারের বাজারে নিজেদের পরিসর আরও প্রসারিত করতে ভারতের কাইনেটিক ওয়াটস অ্যান্ড ভোল্টস তাদের জনপ্রিয় ডিএক্স সিরিজে যুক্ত করেছে বড় ব্যাটারির নতুন ভ্যারিয়েন্ট।
বড় ব্যাটারির নতুন ভ্যারিয়েন্ট ও দাম
কাইনেটিকের এই লাইনআপে এবার ডিএক্স মডেলে এসেছে ৩ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারি এবং ডিএক্স প্লাস মডেলে যুক্ত হয়েছে ৩.১ কিলোওয়াটঘণ্টা ক্ষমতার ব্যাটারি। নতুন কাইনেটিক ডিএক্স ৩ কিলোওয়াট ঘণ্টা সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ভারতে ১ লাখ ১৯ হাজার রুপি। যেখানে বর্তমান ডিএক্স ২.৬ কিলোওয়াট ঘণ্টা মডেলের দাম রয়েছে ১ লাখ ১১ হাজার রুপি। পাশাপাশি পুরনো ছোট ব্যাটারির মডেলগুলোও বাজারে বহাল থাকছে, ফলে ক্রেতারা প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ পাবেন।

রেঞ্জ ও পারফরম্যান্সের পরিবর্তন
নতুন ডিএক্স প্লাস মডেলটির সবচেয়ে বড় আকর্ষণ এর বর্ধিত রেঞ্জ। কোম্পানির দাবি অনুযায়ী, আইডিসি টেস্টে স্কুটারটি এক চার্জে ১৩২ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। বাস্তব রাস্তায় এর থেকে প্রায় ১০৫ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যেতে পারে, যা আগের ১০৫ কিলোমিটারের তুলনায় বেশ খানিকটা বেশি। তবে দীর্ঘ রেঞ্জ নিশ্চিত করতে গিয়ে নতুন ডিএক্স প্লাস মডেলে থাকা ৩.৮ কিলোওয়াটের হাব-মাউন্টেড মোটরের ক্ষমতা আগের ৪.৭৮ কিলোওয়াটের তুলনায় কিছুটা কমানো হয়েছে। এছাড়া আগের টার্বো মোড বাদ দিয়ে নতুন সংস্করণে কেবল রেঞ্জ এবং পাওয়ার মোড রাখা হয়েছে।
আরও পড়ুন: মোটরসাইকেলের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয় কেন জানেন?
পাওয়া যাবে বাংলাদেশের বাজারেও
ভারতের বাজারে এই নতুন ভ্যারিয়েন্টগুলো নিয়ে আসার পাশাপাশি কাইনেটিক তাদের এই ই-স্কুটারটি আন্তর্জাতিক বাজারেও ছড়িয়ে দেওয়ার কথা ভাবছে। তুরস্ক, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, কেনিয়া, নাইজেরিয়া এবং মিশরের মতো দেশগুলোতে স্থানীয় চাহিদা ও ডিস্ট্রিবিউশন পার্টনারদের নিয়ে মূল্যায়ন চালাচ্ছে সংস্থা। দেশীয় বাজারে বেশি রেঞ্জের সুবিধা দিয়ে গ্রাহকদের মন জয় করার পর এবার বিদেশের মাটিতেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে কাইনেটিক।
এজেড