Dhaka Mail Logo

অটোমোবাইল

এক টানে খাড়া পাহাড়ে উঠে যেতে পারে বাজাজের এই ইলেকট্রিক অটোরিকশা

অটোমোবাইল ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

ইলেকট্রিক থ্রি-হুইলার বা ই-অটোর বাজারে আজকাল কেবল ব্যাটারি আর মোটরের ক্ষমতার ওপর ভরসা করে বসে থাকে না নতুন প্রজন্মের গাড়িগুলো। এর একটি দারুণ উদাহরণ হলো বাজাজ গো-গো ইভি (Bajaj GoGo EV), যাতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। প্রতিদিনের বাণিজ্যিক ব্যবহারে চালকের সুবিধা, গাড়ির নিয়ন্ত্রণ এবং পারফরম্যান্স আরও উন্নত করতে এই মডেলে রাখা হয়েছে বিশেষ কিছু ফিচার। সাধারণ ই-অটোর তুলনায় এর অন্যতম বড় আকর্ষণ হলো ২-স্পিড অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন বা এএমটি সিস্টেম, যা চালকের কষ্ট কমানোর পাশাপাশি গাড়ির দক্ষতা বাড়িয়ে তোলে।

এই ই-অটোতে ব্যবহৃত ২-স্পিড এএমটি প্রযুক্তির মূল কাজ হলো রাস্তার পরিস্থিতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে গিয়ার পরিবর্তন করা, যার জন্য চালককে আলাদা করে কোনো ঝামেলা পোহাতে হয় না। গাড়িটিতে থাকা প্রথম গিয়ারটি কম গতিতে এবং বেশি টর্ক বা টানের প্রয়োজন হলে কাজ করে, যেমন—গাড়ি স্টার্ট করার সময়, ভারী যাত্রী নিয়ে কোনো খাড়া ঢাল বা ফ্লাইওভার পার হওয়ার সময়। অন্যদিকে, শহুরে পাকা রাস্তায় স্বাভাবিক ও দ্রুত গতিতে চলার জন্য দ্বিতীয় গিয়ারটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়। এর ফলে শক্তি ও গতির মধ্যে চমৎকার ভারসাম্য বজায় থাকে এবং মোটর অপ্রয়োজনীয় চাপের মুখে পড়ে না।

bajaj-gogo-ev-2-speed-amt-hill-climb-performance-drive-modes

পাহাড়ি রাস্তা বা ফ্লাইওভারে গাড়ি চালানোর সুবিধার জন্য এতে রয়েছে বিশেষ ক্লাইম্ব মোড এবং হিল হোল্ড অ্যাসিস্ট। ক্লাইম্ব মোড চালু করলে গাড়ি প্রথম গিয়ারে পর্যাপ্ত ও স্থির পাওয়ার ধরে রাখে। এছাড়া ঢালু রাস্তায় গাড়ি থামিয়ে পুনরায় ছাড়ার সময় পেছনের দিকে গড়িয়ে যাওয়া রোধ করে হিল হোল্ড অ্যাসিস্ট, যা চালককে অতিরিক্ত সুরক্ষা দেয়। এর পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে রোল ওভার ডিটেকশন সিস্টেম, যা বাঁক বা ঢালু রাস্তায় গাড়ির স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। একই সঙ্গে ব্রেকিংয়ের সময় গতিশক্তি পুনরুদ্ধার করে ব্যাটারির দক্ষতা বাড়াতে কাজ করে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম।

আরও পড়ুন: সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ বিক্রীত মোটরসাইকেল হিরো স্প্লেন্ডার

বাণিজ্যিক ব্যবহারের কথা মাথায় রেখে বাজাজ গো-গো-র বডি তৈরি করা হয়েছে বেশ শক্তপোক্ত মেটাল দিয়ে এবং সামনে-পেছনে রাখা হয়েছে উন্নত এলইডি লাইটিং। দীর্ঘ সময় রাস্তায় চলার কথা ভেবে এতে বিভিন্ন ড্রাইভ মোড যেমন ইকো মোড, পাওয়ার মোড এবং পার্ক অ্যাসিস্ট যুক্ত করা হয়েছে। ব্যাটারি ও রেঞ্জের দিক থেকেও এটি বেশ শক্তিশালী, যেখানে পি৫০০৯ মডেলে ৯.২ কিলোওয়াট-আওয়ার এবং পি৫০১২ ও পি৭০১২ মডেলে ১২.১ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার এলএফপি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাধারণ ১৬ অ্যাম্পিয়ারের সকেট দিয়েই এই গাড়ি সহজে চার্জ করা সম্ভব। সব মিলিয়ে, ২-স্পিড এএমটি এবং আধুনিক সব ফিচারের সমন্বয়ে বাজাজ গো-গো ইভি বাণিজ্যিক থ্রি-হুইলার বাজারে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

bajja_pic

বাজাজ ইলেকট্রিক অটোর দাম

ভারতে বাজাজ গো-গো ইভি (Bajaj GoGo EV) মডেলটির এক্স-শোরুম দাম শুরু হয় প্রায় ৩.১১ লাখ রুপি থেকে এবং ভ্যারিয়েন্টভেদে তা সর্বোচ্চ ৩.৮৩ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে। গাড়িটির বিভিন্ন সংস্করণের আনুমানিক মূল্যতালিকা নিচে দেওয়া হলো-

GoGo P5009: প্রায় ৩.১১ লাখ রুপি

GoGo P5012: প্রায় ৩.১১ লাখ থেকে ৩.৬৯ লাখ রুপি

GoGo P7012: প্রায় ৩.৮৩ লাখ রুপি

উল্লেখ্য, রাজ্য ভেদে এবং স্থানীয় রোড ট্যাক্স বা ইন্সুরেন্সের ওপর ভিত্তি করে এই অন-রোড মূল্যে কিছুটা তারতম্য হতে পারে।

এজেড