অটোমোবাইল ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিয়ে হুন্দাই তাদের সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক এসইউভি বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। কোডনেম এইচইওয়ানআই (HE1i)-এর এই নতুন কমপ্যাক্ট ইভি আগের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মার্চের পরিবর্তে ২০২৬ সালের শেষের দিকেই বাজারে লঞ্চ হতে পারে বলে জানিয়েছেন হুন্দাই মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারুণ গর্গ। গাড়িটির উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাওয়ার কারণে এর লঞ্চের সময়সীমা কিছুটা এগিয়ে আনা হয়েছে।
ক্রেটা ইলেকট্রিকের তুলনায় ছোট ও সাশ্রয়ী অবস্থানে থাকা এই নতুন এসইউভিটি তৈরি হচ্ছে হুন্দাইয়ের ডেডিকেটেড ই-জিএমপি (কে) আর্কিটেকচারের ওপর। প্রচলিত কোনো পেট্রোল বা ডিজেল গাড়ির প্ল্যাটফর্ম পরিবর্তন করে এটি তৈরি করা হয়নি।
ভারতের তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুর কারখানায় উৎপাদিত হতে যাওয়া এই গাড়িটি সরাসরি প্রতিযোগিতা করবে টাটা নেক্সন ইভি, মাহিন্দ্রা এক্সইউভি ৩এক্সও ইভি এবং কিয়া সিরস ইভির মতো জনপ্রিয় মডেলগুলোর সঙ্গে।
আরও পড়ুন: সিএনজিচালিত এই প্রাইভেট কার সবচেয়ে বেশি মাইলেজ দেয়
ব্যাটারি সরবরাহের ক্ষেত্রে প্রথমে এক্সাইডের স্থানীয় সেলের পরিকল্পনা থাকলেও উৎপাদনে কিছুটা দেরি হওয়ায় লঞ্চের সময় ঠিক রাখতে প্রথম দফায় এসভল্ট (Svolt)-এর ব্যাটারি সেল ব্যবহার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। পরবর্তীতে দেশীয় এক্সাইডের সেল পাওয়া গেলে তা যুক্ত করা হবে। গাড়িটি স্ট্যান্ডার্ড রেঞ্জ ও লং রেঞ্জ—এই দুই সংস্করণে বাজারে আসবে।
দাম কম রাখা হলেও একে সাধারণ বা ফিচারহীন কোনো গাড়ি হিসেবে রাখছে না হুন্দাই। আন্তর্জাতিক ইনস্টার ইভির আদলে তৈরি এই মডেলে নেক্সট-জেনারেশন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং লেভেল ২ এডিএএস (ADAS) প্রযুক্তির মতো আধুনিক ও উন্নত ফিচার থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালের শেষের দিকে এই মডেলটি বাজারে আসলে বৈদ্যুতিক গাড়ির বাজারে হুন্ডাইয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এজেড