Dhaka Mail Logo

অটোমোবাইল

সিএনজিচালিত এই প্রাইভেট কার সবচেয়ে বেশি মাইলেজ দেয়

অটোমোবাইল ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম

ভারতের প্রথম টার্বোচার্জড ফ্যাক্টরি-ফিটেড সিএনজি গাড়ি হিসেবে বাজারে আসার পর থেকেই টাটা নেক্সন আইসিএনজি (Tata Nexon iCNG) নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। পেট্রোল নেক্সনের ১.২-লিটার টার্বো ইঞ্জিনের ওপর ভিত্তি করে তৈরি এই মডেলে রয়েছে বুট ফ্লোরের নিচে বসানো অভিনব টুইন সিএনজি ট্যাংক। সম্প্রতি বাস্তব রাস্তায় গাড়িটির জ্বালানি দক্ষতা পরীক্ষা করা হয়েছে, যেখানে এটি চমৎকার মাইলেজ উপহার দিয়েছে।

টাকা নেক্সন আইসিএনজির দাম শুরু হচ্ছে ৮,৩৪,৯৯০ রুপি থেকে এবং এর শীর্ষস্থানীয় ভ্যারিয়েন্ট ফেয়ারলেস প্লাস পিএস-এর দাম ১৩,২৯,৯৯০ রুপি। পেট্রোল সংস্করণের তুলনায় সিএনজি মডেলগুলোর দাম প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার রুপি পর্যন্ত বেশি রাখা হয়েছে।

tata_inner

বাস্তব পরীক্ষায় টাটা নেক্সন আইসিএনজি শহরের ব্যস্ত রাস্তায় প্রতি কেজিতে ১৫.১ কিলোমিটার এবং হাইওয়েতে ২৩.৭ কিলোমিটার মাইলেজ দিয়েছে। অর্থাৎ শহর ও হাইওয়ে মিলিয়ে গাড়িটির গড় বাস্তব মাইলেজ দাঁড়িয়েছে প্রতি কেজিতে ১৯.৪ কিলোমিটার। এর মধ্যে হাইওয়েতে পাওয়া ২৩.৭ কিলোমিটার মাইলেজটি কোম্পানির দাবি করা ২৪ কিলোমিটার এআরএআই মাইলেজের অত্যন্ত কাছাকাছি।

গাড়িটিতে ব্যবহার করা হয়েছে সাধারণ নেক্সনের চেনা ১.২-লিটার, তিন-সিলিন্ডার টার্বো-পেট্রোল ইঞ্জিন। তবে সিএনজি মোডে চলার সময় এর শক্তি কিছুটা কমে যায়। পেট্রোল সংস্করণের মতো ১৭০ এনএম টর্ক বজায় থাকলেও পাওয়ার বা শক্তি ২০ এইচপি কমে ১০০ এইচপিতে নেমে আসে। এই ইঞ্জিনের সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

নেক্সন আইসিএনজির অন্যতম বড় ইউএসআই বা বৈশিষ্ট্য হলো এর টুইন-ট্যাংক সিএনজি প্রযুক্তি। দুটি ট্যাংক মিলিয়ে মোট ৬০ লিটার বা ৯ কেজি সিএনজি ধারণক্ষমতা রয়েছে। বুটের নিচে এই ট্যাংকগুলো সুকৌশলে বসানোর ফলে সিএনজি সিস্টেম থাকার পরও গাড়িতে ৩২১ লিটারের পর্যাপ্ত লাগেজ স্পেস বা বুটস্পেস পাওয়া যায়।

Tata-Nexon-CNG-Rear

ট্যাংক সম্পূর্ণ খালি করে বাস্তব পরীক্ষায় দেখা গেছে এতে ৭.৫ কেজি গ্যাস ধরেছে, যদিও কোম্পানির দাবি ৯ কেজি পর্যন্ত গ্যাস নেওয়া সম্ভব। তবে পরিবেশের তাপমাত্রা এবং পাম্পের চাপের ওপর ভিত্তি করে অনুকূল পরিস্থিতিতে ৮.৫ থেকে ৯ কেজি পর্যন্ত সিএনজি ভরা যেতে পারে। ১৯.৪ কিলোমিটার গড় মাইলেজ হিসাব করলে একবার সম্পূর্ণ গ্যাস ভরলে গাড়িটি প্রায় ১৪৫ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম।

আরও পড়ুন: অফিসে যাতায়াতের জন্য সেরা কম দামের এই সিএনজি গাড়ি

নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে এই মাইলেজ টেস্ট পরিচালনা করা হয়েছে। পরীক্ষার সময় টায়ার প্রেশার সঠিক রাখা হয়েছিল, গাড়িতে মাত্র একজন চালক ছিলেন এবং এসি ২২ ডিগ্রি সেলসিয়াসে ফুল অটো মোডে চালানো হয়েছিল। সার্বিকভাবে, টাটা নেক্সন আইসিএনজি তার হাইওয়ে মাইলেজ দিয়ে ক্রেতাদের দারুণভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

এজেড