অটোমোবাইল ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ এএম
ভারতে বর্তমানে ইলেকট্রিক স্কুটার কেনার জন্য মধ্যবিত্তদের ভিড় বাড়তে শুরু করেছে। ফলে এখন বাজারে একের পর এক ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে। এরই মধ্যে সিম্পল এনার্জি ভারতে শক্তিশালী ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়েভ লঞ্চ করেছে। এই স্কুটারটির রেঞ্জ ২৪৩ কিলোমিটার পর্যন্ত এবং দাম শুরু ভারতে ১ লাখ ১০ হাজার রুপি থেকে। এই স্কুটারের ডেলিভারিও সেপ্টেম্বর মাসের শেষ থেকে শুরু হবে।
সিম্পল ওয়েভ স্কুটারটিতে মোট ৬টি ভ্যারিয়েন্ট আনা হয়েছে। এর মধ্যে রয়েছে সিম্পল ওয়েভ এস, সিম্পল ওয়েভ এবং সিম্পল ওয়েভ প্লাস ভ্যারিয়েন্ট। এর মধ্যে ওয়েভ প্লাস মডেলে ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ৬.৪ কিলোওয়াট পিএমএসএম ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এই স্কুটারটি ২৪৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
এই স্কুটারটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। এছাড়াও ৩.৭ কিলোওয়াট আওয়ার, ২.৭ কিলোওয়াট আওয়ার এবং ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকসহ তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। এগুলো যথাক্রমে ১৭১ কিলোমিটার, ১৩২ কিলোমিটার এবং ১১০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। ব্যাটারি এবং ফিচার ভ্যারিয়েন্ট অনুযায়ী আলাদা।
সিম্পল ওয়েভের সব মডেলেই রাইড, ইকো এবং ইকো এক্স রাইডিং মোড রয়েছে। শীর্ষ ভ্যারিয়েন্টে স্পোর্ট মোডও দেওয়া হয়েছে। এই স্কুটারটি শূন্য থেকে আশি শতাংশ চার্জ হতে ২ ঘণ্টা ১৫ মিনিট সময় নেয়।

এতে ব্যাটারির পাশাপাশি মোটরেও আইপি ৬৭ রেটিং দেওয়া হয়েছে। ফলে এই স্কুটারে পোর্টেবল চার্জারের অপশনও রয়েছে। শীর্ষস্থানীয় ওয়েভ প্লাস মডেলে ফাস্ট চার্জিং মোড দেওয়া হয়েছে।
সিম্পল ওয়েভে ৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৫ ইঞ্চির ইবিএন স্ক্রিনের তুলনায় বড়। টিএফটি মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, জিপিএস ট্র্যাকিং, কল ও মিউজিক কন্ট্রোল, ইউএসবি চার্জিং এবং ওটিএ আপডেটের মতো ফিচার রয়েছে। শীর্ষ ভ্যারিয়েন্টে ট্র্যাকশন কন্ট্রোল, রিজেনারেটিভ ব্রেকিং, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড, ক্রল মোড এবং ভেহিকল ট্র্যাকিং দেওয়া হয়েছে। এছাড়াও ফুল এলইডি লাইটিং স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে।
আরও পড়ুন: টিভিএস জুপিটার ১১০: কিস্তিতে কিনুন এই জনপ্রিয় স্কুটার
সিম্পল ওয়েভে টিউবুলার স্টিল ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, প্রগ্রেসিভ টুইন রিয়ার শক অ্যাবজর্বার এবং ১২ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের ক্ষেত্রে সামনে ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেকিং সিস্টেম রয়েছে। ভারতে সিম্পল ওয়েভের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে এথার কোনার্ক, টিভিএস আইকিউব এবং বাজাজ চেতকের সঙ্গে।
এজেড