Dhaka Mail Logo

অটোমোবাইল

হোন্ডা ১২৫ সিসির নতুন স্কুটার আনল, দাম ৯০ হাজার

অটোমোবাইল ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

ফিলিপাইনের বাজারে নিজেদের সর্বাধিক বিক্রীত স্কুটার মডেলের লাইনআপ আরও সমৃদ্ধ করতে নতুন একটি আকর্ষণীয় সংস্করণ নিয়ে এল জাপানি টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। স্ট্যান্ডার্ড ও স্মার্ট এডিশনের ঠিক ওপরে অবস্থান করে নতুন এই ‘হোন্ডা ক্লিক ১২৫ স্ট্রিট’ (Honda Click 125 Street) এখন এই সিরিজের টপ-টিয়ার বা সর্বোচ্চ মডেল হিসেবে যুক্ত হলো। চমৎকার শারীরিক গঠন ও নান্দনিক ডিজাইনের এই স্কুটারটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে আসার পর থেকেই তরুণ রাইডারদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। 

honda_pic

নতুন এই সংস্করণের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নেকেড হ্যান্ডেলবার (Naked Handlebar) ডিজাইন, যা স্কুটারটিকে সাধারণ লুক থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রিমিয়াম স্পোর্টি ভাব এনে দিয়েছে। এটি পার্ল আর্কটিক হোয়াইট এবং ম্যাট সাইবার গ্রে মেটালিক—এই দুটি আকর্ষণীয় রঙে উপলব্ধ করা হয়েছে, যার সঙ্গে রয়েছে এক্সক্লুসিভ স্ট্রিট গ্রাফিক্স ও স্টাইলিশ ডিকাল। তবে নতুন লুক দেওয়া হলেও এর বডি ডাইমেনশন বা মাপে স্ট্যান্ডার্ড সংস্করণের সঙ্গেই সম্পূর্ণ মিল রয়েছে। স্কুটারটির দৈর্ঘ্য ১,৯১৯ মিমি, প্রস্থ ৬৮৭ মিমি, উচ্চতা ১,০৭৫ মিমি এবং হুইলবেস ১,২৮০ মিমি। এর সিটের উচ্চতা ৭৬৯ মিমি এবং ওজন ১১১ কেজি। এছাড়া জ্বালানি সরবরাহের জন্য এতে রাখা হয়েছে ৫.৫ লিটারের ফুয়েল ট্যাংক এবং সামনের অংশে পূর্ণাঙ্গ এলইডি লাইটিং ও আধুনিক এলসিডি ইনস্ট্রুমেন্ট প্যানেল। 

আরও পড়ুন: ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সঠিক নিয়ম অনেকেই জানেন না

honda-click-125-street-05-1787871296

যান্ত্রিক পারফরম্যান্সের দিক থেকে এই নতুন স্ট্রিট সংস্করণে কোনো পরিবর্তন আনা হয়নি। এতে ব্যবহৃত হয়েছে সেই নির্ভরযোগ্য ১২৫ সিসির লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ৮,৫০০ আরপিএমে ১১.০৭ হর্সপাওয়াড় এবং ৫,০০০ আরপিএমে ১০.৮ এনএম টর্ক উৎপন্ন হয়। ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) না থাকলেও এতে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) বা সিবিএস দেওয়া হয়েছে, যেখানে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করে চমৎকার কন্ট্রোল নিশ্চিত করা হয়েছে। ফিলিপাইন মুদ্রায় নতুন এই হোন্ডা ক্লিক ১২৫ স্ট্রিট স্কুটারটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার পেসো। শহরের যাতায়াত আরও আকর্ষণীয় ও সহজ করতে স্কুটারটি স্থানীয় বাজারের ডিলার শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে। 

এজেড