Dhaka Mail Logo

অটোমোবাইল

তীব্র রোদে পার্ক করা গাড়ি দ্রুত ঠান্ডা করার উপায়

অটোমোবাইল ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ১১:৪৭ এএম

দুপুরের সময় আমরা যখন গাড়ি খোলা মাঠে, রাস্তার ধারে বা অফিসের পার্কিংয়ে পার্ক করি, তখন দুই-তিন ঘণ্টা পর দরজা খুলতেই ভেতর থেকে গরম বাষ্পের মতো ঝলকা বের হয়। সিট ও স্টিয়ারিং সবকিছুই এতটাই গরম হয়ে থাকে যে গাড়িতে পা রাখাই কঠিন হয়ে পড়ে এবং এসি (AC) চালু করলেও ঠান্ডা বাতাস আসতে বেশ সময় লাগে। 

আরও পড়ুন: গাড়ি পার্ক করার সময় স্টিয়ারিং লক করেন? জানুন কী ভুল করছেন

গাড়ির কাচ সম্পূর্ণ বন্ধ থাকলে সূর্যের রশ্মি গ্রিনহাউস ইফেক্ট তৈরি করে, যার ফলে বাইরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি হলেও বন্ধ গাড়ির ভেতরের তাপমাত্রা ৫৫ থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই অতিরিক্ত গরমের কারণে ড্যাশবোর্ডের রং ফিকে হওয়া, প্লাস্টিকের অংশে ফাটল ধরা এবং বিষাক্ত গ্যাস নির্গমনের মতো মারাত্মক ক্ষতি হতে পারে। পাশাপাশি এসি বেশিক্ষণ চালাতে হওয়ায় জ্বালানি খরচ ও মাইলেজের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

cover-20250710160006

এই সমস্যার সহজ সমাধান হিসেবে গাড়ি পার্ক করার সময় দুই পাশের জানালার কাচ সামান্য, অর্থাৎ মাত্র ১ সেন্টিমিটার খোলা রাখতে পারেন। তবে কাচ খোলা রাখার আগে অবশ্যই আশপাশের এলাকা নিরাপদ কি না তা দেখে নিতে হবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকলে কাচ বন্ধ রাখাই শ্রেয়। সামান্য কাচ খোলা থাকলে ভিতরের গরম বাতাস সহজেই ওপরের দিকে উঠে বাইরে বেরিয়ে যেতে পারে এবং বাইরের তাজা বাতাস ভিতরে চলাচল করতে পারে। এই প্রাকৃতিক ভেন্টিলেশনের ফলে গাড়ির ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং গাড়ি অতিরিক্ত গরম হয় না। ফলে গাড়িতে ফিরে দরজা খোলার সময় আর গরম বাষ্পের মুখোমুখি হতে হয় না এবং এসি চালু করার পর মাত্র দুই মিনিটেই ক্যাবিন ঠান্ডা হয়ে যায়, যা জ্বালানিও সাশ্রয় করে।

এজেড