Dhaka Mail Logo

অটোমোবাইল

ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সঠিক নিয়ম অনেকেই জানেন না

অটোমোবাইল ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম

কড়া রোদ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি বা অফিসে পৌঁছানোর পর আমরা অনেকেই গাড়ি পার্ক করেই সঙ্গে সঙ্গে চার্জিং কেবল সকেটে ঢুকিয়ে দিই। গাড়ি দ্রুত চার্জ হয়ে যাবে—এই তাড়াহুড়ায় ৯৯% ইভি মালিক প্রতিদিন একই ভুল করেন। অথচ এই সাধারণ অভ্যাসই আপনার লাখ টাকার ব্যাটারির বারোটা বাজিয়ে দিতে পারে। রোদে দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পর ঠিক কতক্ষণ অপেক্ষা করে গাড়ি চার্জে বসানো উচিত, তা জেনে রাখা অত্যন্ত জরুরি।

ব্যাটারির অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি: দুপুরের তীব্র রোদে পিচের রাস্তা দিয়ে গাড়ি চলার সময় বাইরের তাপমাত্রা এবং মোটরের গতির প্রভাবে ব্যাটারি আগে থেকেই প্রচণ্ড গরম হয়ে থাকে। লিথিয়াম-আয়ন সেল থেকে ক্রমাগত বিদ্যুৎ বেরিয়ে যাওয়ায় ব্যাটারির অভ্যন্তরীণ তাপমাত্রা ৫০ থেকে ৫৫ ডিগ্রিরও বেশি পর্যন্ত পৌঁছে যায়।

বিপজ্জনক রাসায়নিক প্রক্রিয়া: আগে থেকেই গরম থাকা ব্যাটারি ঠান্ডা হওয়ার সুযোগ না দিয়েই সরাসরি হাই-ভোল্টেজ কারেন্টে বসালে চার্জিংয়ের সময় রাসায়নিক প্রক্রিয়া দ্রুত শুরু হয়। এর ফলে ভেতরের তাপমাত্রা আরও বেড়ে ৬০ ডিগ্রির মতো বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে।

charging_pic

স্লো চার্জিং ও ব্যাটারির স্থায়িত্ব ক্ষতি: আধুনিক ইভির 'থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম' (BMS) অতিরিক্ত তাপমাত্রা শনাক্ত করলেই ব্যাটারিকে বাঁচাতে নিজে থেকেই চার্জিং কারেন্ট কমিয়ে দেয়। ফলে যে গাড়ি ২ ঘণ্টায় চার্জ হওয়ার কথা, তা হতে ৫ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। এছাড়া ক্রমাগত অতিরিক্ত গরমে চার্জ করার ফলে ব্যাটারির অভ্যন্তরীণ সেল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির রেঞ্জ দ্রুত কমে যায়।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি: ব্যাটারির তাপমাত্রা নির্দিষ্ট সীমার বেশি বেড়ে গেলে 'থার্মাল রানঅ্যাওয়ে'-এর মতো মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে ব্যাটারি প্যাক ফুলে গিয়ে শর্টসার্কিট হতে পারে এবং গাড়িতে আচমকা ভয়াবহ আগুন লাগা বা বিস্ফোরণের ঝুঁকি দেখা দেয়।

আরও পড়ুন: গাড়ি পার্ক করার সময় স্টিয়ারিং লক করেন? জানুন কী ভুল করছেন

সঠিক নিয়ম ও সময়সীমা: রোদে দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে আসার পর কখনই অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট গাড়িটিকে সরাসরি চার্জে বসাবেন না। গাড়িটি প্রথমে ছায়ায় বা বাতাস চলাচল করে এমন খোলামেলা স্থানে পার্ক করুন। ব্যাটারির অভ্যন্তরীণ তাপমাত্রা সম্পূর্ণ স্বাভাবিক (Cool Down) হওয়ার পরই কেবল চার্জার প্লাগ-ইন করুন। এই ছোট্ট সতর্কতা আপনার লাখ টাকার ইভি ব্যাটারির আয়ু রক্ষা করতে দারুণভাবে সাহায্য করবে।

এজেড