অটোমোবাইল ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ০৯:৫০ এএম
মোটরসাইকেল বা বাইক চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শহরের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে গ্রামের মেঠো পথ— সর্বত্রই এর অবাধ যাতায়াত। অনেকে শখের বশে আবার অনেকেই যাতায়াতের মাধ্যম হিসেবে প্রতিদিন এটি ব্যবহার করেন। কিন্তু এত পরিচিত এই বাহনটির বাংলা অর্থ অনেকের কাছেই অজানা।
ইংরেজি মোটরসাইকেল বা বাইক শব্দ দুটি বাংলা ভাষায় এমনভাবে মিশে গেছে যে এর আসল বাংলা প্রতিশব্দ খুব একটা ব্যবহারই করা হয় না। আভিধানিক ও সঠিক অর্থে মোটরসাইকেল বা বাইকের বাংলা অর্থ হলো 'দ্বিচক্রযান' বা 'মোটরচালিত দ্বিচক্রযান'।

যেহেতু এটি দুই চাকা বিশিষ্ট একটি যান এবং এতে ইঞ্জিন বা মোটর থাকে, তাই একে যন্ত্রচালিত দুই চাকার বাহনও বলা চলে। তবে এই বাংলা শব্দগুলো অত্যন্ত ফরমাল হওয়ায় দৈনন্দিন কথ্য ভাষায় কিংবা লেখালেখিতে এর প্রচলন নেই বললেই চলে।
আরও পড়ুন: লেডিস সাইকেলের সামনে রড থাকে না কেন?
সাধারণ মানুষের মুখে মুখে 'বাইক' কিংবা 'মোটরসাইকেল' শব্দ দুটিই প্রধান বাহন হিসেবে টিকে রয়েছে।

বাইক বা মোটরসাইকেল শব্দটি মূলত ইউরোপ থেকে এসেছে। ইতিহাস বলছে, সাইকেল আবিষ্কারের পরেই বাইকের আবির্ভাব ঘটেছিল। প্রথমে এটি বাইসাইকেল নামে পরিচিত ছিল, যেখান থেকেই লোকমুখে সংক্ষেপে বাইক শব্দের প্রচলন হয়। পরবর্তীতে সাইকেলের সঙ্গে ইঞ্জিন বা মোটর যুক্ত হওয়ার পর এর নাম হয় মোটর-বাইক বা মোটরসাইকেল, যা সংক্ষেপে কেবল বাইক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে।

বিভিন্ন ঐতিহাসিক জার্নাল অনুযায়ী, ১৮৮০ সালের দিকে এই শব্দটির উৎপত্তি হয়েছিল। আবিষ্কারের পর থেকেই বিশ্বজুড়ে এই ইংরেজি নামটি জনপ্রিয় হয়ে ওঠায় এর বাংলা রূপ খোঁজার প্রয়োজন সেভাবে কেউ অনুভব করেননি। ফলে প্রাত্যহিক জীবনে শতচেষ্টা সত্ত্বেও 'দ্বিচক্রযান' শব্দটি মানুষের মুখে স্থান করে নিতে পারেনি, বরং সর্বস্তরে 'মোটরসাইকেল' বা 'বাইক' নামটিই স্বকীয়তা বজায় রেখে চলেছে।
এজেড