অটোমোবাইল ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম
জ্বালানির চড়া দামের এই বাজারে গাড়ির মাইলেজ নিয়ে ক্রেতাদের মাথাব্যথার শেষ নেই। তবে স্বস্তির খবর হলো, ভারতের বাজারে এখন এমন কিছু দুর্দান্ত হাইব্রিড গাড়ি পাওয়া যাচ্ছে, যেগুলো অবিশ্বাস্য জ্বালানি সাশ্রয়ী। মারুতি সুজুকি থেকে হোন্ডা—ভারতের হাইব্রিড গাড়িগুলোর মাইলেজ, আধুনিক ফিচার এবং এক্স-শোরুম দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মারুতি সুজুকি ভিক্টরিস
মারুতি সুজুকি ভিক্টরিস মডেলে রয়েছে আধুনিক ও বোল্ড এসইউভি ডিজাইন, সঙ্গে স্লিক এলইডি হেডল্যাম্প এবং অ্যারোডাইনামিক বডি লাইন। গাড়ির ভেতরে রয়েছে প্রিমিয়াম অল-ব্ল্যাক কেবিন, আরামদায়ক সিট এবং ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ভেন্টিলেটেড সিট, প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস চার্জার ও অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো আধুনিক সব ফিচার।
এই গাড়িতে রয়েছে ১.৫ লিটারের স্ট্রং-হাইব্রিড পেট্রল ইঞ্জিন, যা ই-সিভিটি অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। এই হাইব্রিড সেটআপ প্রায় ২৮.৬৫ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দেয়। নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ, এবিএস, ইবিডি, ইএসপি, টিপিএমএস, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং লেভেল ২ এডিএএস। এর স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টের দাম প্রায় ১৬ লষ ৩৮ হাজার রুপি থেকে ১৯ লক্ষ ৯৯ হাজার রুপি (এক্স-শোরুম) এবং স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ১০ লক্ষ ৪৯ হাজার ৯০০ রুপি (এক্স-শোরুম) থেকে।
মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা
মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা একটি অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম মিড-সাইজ এসইউভি, যার ডিজাইন বেশ মাসকুলার ও আকর্ষণীয়। এতে রয়েছে বড় ক্রোম গ্রিল এবং শার্প এলইডি ডিআরএল। কেবিনের ভেতরে রয়েছে লেদারেট টাচসহ প্রিমিয়াম ডুয়াল-টোন থিম। গুরুত্বপূর্ণ ফিচারের তালিকায় রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, হেড-আপ ডিসপ্লে, প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস ফোন চার্জিং এবং কানেক্টেড-কার প্রযুক্তি।
আরও পড়ুন: সবচেয়ে নিরাপদ গাড়ি কোনটি?
গ্র্যান্ড ভিটারা-র স্ট্রং-হাইব্রিড ভ্যারিয়েন্টে রয়েছে ১.৫ লিটারের ইন্টেলিজেন্ট ইলেকট্রিক হাইব্রিড ইঞ্জিন, যা ই-সিভিটি গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এটি ২৭.৯৭ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দেয়, যা দীর্ঘ দূরত্বের যাতায়াতকে অত্যন্ত সাশ্রয়ী করে তোলে। নিরাপত্তার দিক থেকে এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, ডিস্ক ব্রেক এবং টিপিএমএস। স্ট্রং-হাইব্রিড ভ্যারিয়েন্টগুলোর দাম প্রায় ১৮ লক্ষ ৪৩ হাজার রুপি (এক্স-শোরুম) থেকে শুরু।
টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার
টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার তার স্পোর্টি ও প্রিমিয়াম লুকের জন্য সুপরিচিত। এতে রয়েছে ক্রোম অ্যাকসেন্টযুক্ত ক্রিস্টাল এক্রিলিক গ্রিল এবং স্লিক এলইডি হেডল্যাম্প, যা রাস্তায় গাড়িটিকে আলাদা উপস্থিতি দেয়। কেবিনের ভেতরে রয়েছে ডুয়াল-টোন লেদার ফিনিশসহ প্রশস্ত ও আরামদায়ক পরিবেশ। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ৯ ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ড্রাইভ মোড, প্যাডেল শিফটার, প্যানোরামিক সানরুফ এবং সুজুকি-টয়োটা কানেক্টেড-কার প্রযুক্তি।
এই গাড়ির স্ট্রং-হাইব্রিড ভ্যারিয়েন্টে রয়েছে ১.৫ লিটারের টিএনজিএ ৩-সিলিন্ডার পেট্রল ইঞ্জিন, যা একটি ইলেকট্রিক মোটরের সঙ্গে যৌথভাবে কাজ করে। ই-সিভিটি গিয়ারবক্সের সমন্বয়ে গঠিত এই হাইব্রিড পাওয়ারট্রেন ২৭.৯৭ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ প্রদান করে। নিরাপত্তার জন্য এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, সব চাকাতেই ডিস্ক ব্রেক, ভেহিকেল স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল অ্যাসিস্ট এবং ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা। স্ট্রং-হাইব্রিড ভ্যারিয়েন্টগুলোর দাম প্রায় ১৬ লাখ ৬৬ হাজার রুপি থেকে ১৯ লাখ ৯৯ হাজার রুপি (এক্স-শোরুম)।
হোন্ডা সিটি ই:এইচইভি
হোন্ডা সিটি ই:এইচইভি একটি প্রিমিয়াম ও এলিগ্যান্ট সেডান, যার অ্যারোডাইনামিক ও স্পোর্টি এক্সটেরিয়রে রয়েছে ফুল-এলইডি হেডল্যাম্প, রিয়ার স্পয়লার এবং শার্প বডি লাইন। কেবিনের ভেতরে রয়েছে ডুয়াল-টোন আইভরি ও ব্ল্যাক থিমের আরামদায়ক পরিবেশ এবং লেদার সিট। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ইলেকট্রিক সানরুফ, অটো-ডিমিং আইআরভিএম এবং হোন্ডা কানেক্টেড-কার প্রযুক্তি।
এই সেডানে রয়েছে ১.৫ লিটারের অ্যাটকিনসন-সাইকেল আই-ভিটেক পেট্রল ইঞ্জিন, যা ডুয়াল ইলেকট্রিক মোটর সেটআপের সঙ্গে যুক্ত। এই অ্যাডভান্সড হাইব্রিড সিস্টেম ই-সিভিটি ট্রান্সমিশনের মাধ্যমে পরিচালনা করে ২৭.১৩ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দেয়। নিরাপত্তার জন্য এতে রয়েছে হোন্ডা সেন্সিং এডিএএস, ৬টি এয়ারব্যাগ, লেনওয়াচ ক্যামেরা, এবিএস, ইবিডি এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেক। হোন্ডা সিটি ই:এইচইভি-এর দাম প্রায় ১৯ লক্ষ রুপি থেকে ২০ লক্ষ ৫৫ হাজার রুপি (এক্স-শোরুম)।
এজেড