অটোমোবাইল ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
ভারতের ৬৫০ সিসি সেগমেন্টে জনপ্রিয় বাইক ‘শটগান ৬৫০’-এর একটি বিশেষ লিমিটেড এডিশন নিয়ে এল রয়্যাল এনফিল্ড। তাইওয়ানের বিখ্যাত বাইক নির্মাতা প্রতিষ্ঠান ‘রাফ ক্রাফটস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। ‘রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ এক্স রাফ ক্রাফটস’ এডিশনটি মূলত বাইক সংগ্রাহকদের কথা চিন্তা করে বাজারে আনা হয়েছে। বিশ্বজুড়ে মাত্র ১০০টি ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও, ভারতীয় বাজারের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ২৫টি ইউনিট।
কালো ও সোনালি রঙের নান্দনিক মিশেলে তৈরি হয়েছে বাইকটি। বাইকের মূল কাঠামোয় জেট ব্ল্যাক এবং ম্যাট স্টিলথ ব্ল্যাক রঙের প্রলেপের ওপর হাতে আঁকা সোনালি স্ট্রাইপের কাজ রয়েছে। এছাড়া প্রতিটি বাইকের ফুয়েল ট্যাংকে থাকছে বিশেষ নাম্বারিং সিস্টেম ও রাফ ক্রাফটস-এর অনন্য প্রতীক। সামনের সাসপেনশন টিউব এবং অ্যালয় হুইলেও কালো ও সোনালির চমৎকার বৈপরীত্য ফুটে উঠেছে।

বাইকটির বাহ্যিক নকশায় আমূল পরিবর্তন এলেও এর মূল যান্ত্রিক কাঠামোয় কোনো পরিবর্তন আনা হয়নি। এতে ব্যবহৃত হয়েছে ৬৪৮ সিসির প্যারালাল ট্যুইন এয়ার/অয়েল কুলিং ইঞ্জিন, যা ৬ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। এই শক্তিশালী ইঞ্জিন থেকে ৪৭ বিএইচপি ক্ষমতা এবং ৫২.৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়।
আরও পড়ুন: পেট্রোল-অকটেনের বদলে ইথানল-চালিত মোটরসাইকেল আনল ইয়ামাহা
রয়্যাল এনফিল্ডের ‘গ্লোবাল ড্রপ’ কর্মসূচির আওতায় বাইকটির বুকিং ও ডেলিভারি সম্পন্ন হবে। গত ১৫ জুলাই থেকে এর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত। আগ্রহীরা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে পারবেন। ৩০ জুলাই সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে বিক্রয় কার্যক্রম। রয়্যাল এনফিল্ড জানিয়েছে, ভারতে এই বিশেষ বাইকটির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৫.৭৫ লাখ রুপি।
এজেড