অটোমোবাইল ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম
ঢাকাসহ সারা দেশে গত কয়েকদিন ধরে অঝোরে বৃষ্টি পড়ছে। টানা এই বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মজীবী মানুষ নিরুপায় হয়ে বৃষ্টি মাথায় নিয়েই ছুটছেন গন্তব্যে। এই বৃষ্টির মধ্যেই অসংখ্য মানুষ নিজস্ব বাহন হিসেবে মোটরসাইকেল বেছে নিয়েছেন। কিন্তু ভিজে রাস্তায় টানা বাইক চালানো কি ইঞ্জিনের জন্য ক্ষতিকর? আর কতক্ষণ চালানো নিরাপদ?
বিশেষজ্ঞদের মতে, মোটরসাইকেলের গতি যদি তার সর্বোচ্চ গতির (টপ স্পিড) ৭০ শতাংশের মধ্যে রাখা হয়, তবে টানা দীর্ঘ সময় চালালেও ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। তবে দীর্ঘক্ষণ বৃষ্টির মধ্যে বাইক চালানোর ক্ষেত্রে ইঞ্জিনের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো রাইডারের নিরাপত্তা এবং বাইকের ইলেকট্রিক যন্ত্রাংশের সুরক্ষা।
ইঞ্জিনের সুরক্ষা: বৃষ্টির পানি স্পার্ক প্লাগ বা ইলেকট্রিক সংযোগে ঢুকে গেলে বাইক বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা না করে বরং বাইক থামিয়ে ইঞ্জিন ও স্পার্ক প্লাগের আশপাশের অংশ শুকনা কাপড় দিয়ে ভালোমতো মুছে ফেলা উচিত।
রাইডারের ক্লান্তি: ইঞ্জিনের সক্ষমতা থাকলেও একজন মানুষের পক্ষে একটানা দীর্ঘসময় প্রতিকূল আবহাওয়ায় বাইক চালানো শারীরিক ও মানসিকভাবে ঝুঁকিপূর্ণ। তাই নিরাপত্তার খাতিরে একটানা ১০০ কিলোমিটারের বেশি না চালানোর পরামর্শ দেওয়া হয়।

গতি নিয়ন্ত্রণ: বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকে, তাই দ্রুত গতিতে বাইক চালানো একেবারেই উচিত নয়। বাঁক নেওয়ার সময় গতি কমিয়ে আনা এবং অন্যান্য গাড়ি থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে ব্রেকিংয়ের জন্য অতিরিক্ত সময় রাখা জরুরি।
বৃষ্টির পানি এবং রাস্তার কাদা বাইকের চেইন ও মেটাল অংশে মরিচা সৃষ্টি করতে পারে। আপনার বাইকটিকে সুস্থ রাখতে এই টিপসগুলো মেনে চলতে পারেন-
১. নিয়মিত পরিষ্কার: রাইড শেষে বাইকে লেগে থাকা কাদা ও ময়লা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
২. চেইন লুব্রিক্যান্ট: বৃষ্টির পানিতে চেইনের লুব্রিকেশন দ্রুত নষ্ট হয়ে যায়। তাই চেইন পরিষ্কার করে নিয়মিত চেইন লুব্রিক্যান্ট ব্যবহার করুন।

৩. ব্রেক পরীক্ষা: বর্ষার শুরুতেই বাইকের ব্রেক সিস্টেম পরীক্ষা করুন। ভেজা রাস্তায় ব্রেক অয়েলের কার্যকারিতা ঠিক আছে কি না তা নিশ্চিত করুন, কারণ বৃষ্টির দিনে ব্রেকিং দূরত্ব প্রায় দ্বিগুণ হয়ে যায়।
আরও পড়ুন: বৃষ্টিতে মোটরসাইকেল ভিজলে কি ক্ষতি হয়?
৪. হেলমেটের গ্লাস: বৃষ্টির সময় হেলমেটের গ্লাস ঘোলা হয়ে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তাই পরিষ্কার গ্লাস বা অ্যান্টি-ফগ স্প্রে ব্যবহার করতে পারেন। বর্ষার দিনে বাড়তি সতর্কতা আপনার যাত্রা নির্বিঘ্ন করতে পারে। বাইক রাইড করার সময় নিজের শারীরিক সক্ষমতার দিকে খেয়াল রাখুন এবং প্রতিকূল আবহাওয়ায় অতি উৎসাহী হয়ে দ্রুত গতিতে বাইক চালানো থেকে বিরত থাকুন।
এজেড