অটোমোবাইল ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে গাড়ি ও বাইকের মালিকদের মধ্যে নানা উদ্বেগ কাজ করছে। অনেক ক্ষেত্রেই প্রশ্ন ওঠে, পাম্প থেকে যে জ্বালানি নেওয়া হচ্ছে তা আদৌ বিশুদ্ধ কি না। তবে কিছু সহজ পদ্ধতির মাধ্যমে পাম্পেই জ্বালানির গুণমান সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব।
আরও পড়ুন: পেট্রোল ও অকটেন কীভাবে তৈরি হয়?
পেট্রোল পাম্পে গিয়ে প্রথমেই ফুয়েল নজলের পাশের ডিজিটাল ডিসপ্লে এবং সেখানে লাগানো স্টিকারের দিকে নজর দিন। সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিটি পাম্পে জ্বালানির ধরন স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। যদি স্টিকারে ই১০ লেখা থাকে, তবে বুঝতে হবে সেই পেট্রোলে ১০ শতাংশ ইথানল রয়েছে। একইভাবে ই২০ মানে ২০ শতাংশ এবং ই৮৫ মানে ৮৫ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি। তাই আপনার গাড়ির ম্যানুয়ালে যে ধরনের জ্বালানির পরামর্শ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তেল ভরানোই বুদ্ধিমানের কাজ।
পেট্রোলের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য ফিল্টার পেপার টেস্ট একটি অত্যন্ত কার্যকর উপায়। ভোক্তা অধিকার অনুযায়ী প্রতিটি পাম্পে এই ফিল্টার পেপার রাখা বাধ্যতামূলক। পাম্পকর্মীর কাছ থেকে এই পেপারটি চেয়ে নিয়ে তাতে কয়েক ফোঁটা পেট্রোল ফেলুন। জ্বালানি যদি সম্পূর্ণ বিশুদ্ধ হয়, তবে তা কোনো দাগ ছাড়াই বাতাসে উবে যাবে। কিন্তু যদি কাগজে গাঢ় কোনো দাগ বা রঙিন রেখা থেকে যায়, তবে বুঝতে হবে জ্বালানির গুণমান নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।

জ্বালানির বিশুদ্ধতা যাচাইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক উপায় হলো ডেনসিটি পরীক্ষা করা। প্রতিটি পেট্রোল পাম্পে প্রতিদিন সকালে জ্বালানির ডেনসিটি আপডেট করা হয় এবং তা ডিসপ্লে স্ক্রিনে দেখা যায়। সাধারণ পেট্রোলের ডেনসিটি প্রতি ঘনমিটারে ৭২০ থেকে ৭৭৫ কিলোগ্রাম হওয়া উচিত। ডিসপ্লেতে দেখানো মান যদি এই নির্ধারিত সীমার তুলনায় অস্বাভাবিক কম বা বেশি হয়, তবে সেই জ্বালানি গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত।
এজেড