Dhaka Mail Logo

অটোমোবাইল

বৃষ্টি ভেজা রাস্তায় বাইকের চাকা পিছলে যায়? ঝুঁকি এড়াতে মানুন এই ৪ টিপস

অটোমোবাইল ডেস্ক

০৫ জুলাই ২০২৬, ০৯:০০ এএম

বর্ষাকাল শুরু হলে চারপাশের আবহাওয়া মনোরম হয়ে ওঠে, কিন্তু এই সময়ে রাস্তায় বাইক চালানো কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকার কারণে হঠাৎ বাইক পিছলে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে কিছু জরুরি নিয়ম ও সতর্কতা অবলম্বন করলে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বর্ষাকালে নিরাপদে বাইক চালানোর জন্য নিচে উল্লেখিত ৪টি বিষয় মেনে চলা বাঞ্ছনীয়।

প্রথমত, বর্ষাকালে সবসময় মাঝারি বা ইকোনমি গতিতে বাইক চালানোর চেষ্টা করুন। অতিরিক্ত গতিতে বাইক চালালে ভেজা ও পিচ্ছিল রাস্তায় টায়ারের গ্রিপ কমে যায়, ফলে বাইক সহজেই পিছলে যেতে পারে। সাধারণত ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে বাইক চালানো নিরাপদ।

আরও পড়ুন: বর্ষায় ইলেকট্রিক গাড়ি চালানো ও চার্জ করা কি নিরাপদ? 

দ্বিতীয়ত, বৃষ্টির সময় হঠাৎ জোরে ব্রেক করা থেকে বিরত থাকুন। হঠাৎ ব্রেক কষলে পিচ্ছিল রাস্তায় বাইকের ভারসাম্য নষ্ট হয়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা বড় দুর্ঘটনার কারণ হয়। তাই সর্বদা নিয়ন্ত্রিত গতি বজায় রাখুন যাতে প্রয়োজনে ধীরে ধীরে ব্রেক করতে পারেন।

bike_skid1

তৃতীয়ত, বাইকের টায়ারের অবস্থার দিকে নজর দিন। টায়ার যদি পুরনো বা ক্ষয়ে গিয়ে থাকে, তবে বর্ষার আগেই তা বদলে নতুন টায়ার লাগিয়ে নিন। ক্ষয়ে যাওয়া টায়ার ভেজা রাস্তায় ঠিকমতো গ্রিপ ধরে রাখতে পারে না, ফলে স্কিড করার ঝুঁকি বেড়ে যায়। সবসময় ভালো মানের এবং গ্রিপযুক্ত টায়ার ব্যবহার করা উচিত।

আরও পড়ুন: হিরো এই প্রথম ফ্লেক্স ফুয়েল-চালিত মোটরসাইকেল আনল

চতুর্থত, বাইক চালানোর সময় খুব দ্রুত গিয়ার পরিবর্তন করা থেকে সতর্ক থাকুন। অনেক সময় ভেজা আবহাওয়ায় গিয়ার শক্ত হয়ে বা আটকে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। তাই তাড়াহুড়ো না করে ধীরে ও সতর্কভাবে গিয়ার পরিবর্তন করুন। এতে বাইকের নিয়ন্ত্রণ বজায় থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে যায়।

এজেড