images

অটোমোবাইল

পেট্রোল-অকটেন ছাড়াই চলবে মারুতি-সুজুকির নতুন এই গাড়ি

অটোমোবাইল ডেস্ক

০৮ জুন ২০২৬, ০৪:৫১ পিএম

জ্বালানির ক্রমবর্ধমান দাম এবং পরিবেশ দূষণের মোকাবিলায় ভারতের অটোমোবাইল বাজারে নতুন প্রযুক্তির গাড়ি নিয়ে এল মারুতি সুজুকি। সম্প্রতি দিল্লির একটি অভিজাত হোটেলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর উপস্থিতিতে মারুতির এই ‘ফ্লেক্স-ফুয়েল’ গাড়ির উদ্বোধন করা হয়। মারুতি ওয়াগনআর ফ্লেক্স-ফুয়েল নামের এই গাড়িটি পেট্রোলের বদলে ইথানল ব্যবহার করে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেলের দামে কেনা যাবে টাটার এই প্রাইভেট কার

এই নতুন গাড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো এর বিশেষ ইঞ্জিন, যা E20 থেকে E100 পর্যন্ত বিভিন্ন মাত্রার ইথানল-পেট্রোল মিশ্রিত জ্বালানিতে চলতে সক্ষম। অর্থাৎ, প্রয়োজন অনুযায়ী গাড়িটিকে ১০০ শতাংশ ইথানল দিয়েও চালানো সম্ভব। আখ, ভুট্টা, ধান ও গমের মতো কৃষিজ পণ্য থেকে উৎপাদিত ইথানল একটি পরিবেশবান্ধব জৈব জ্বালানি হওয়ায় এটি ব্যবহারের ফলে দূষণ অনেক কম হবে।

car

ভারত বর্তমানে জ্বালানি চাহিদার প্রায় ৮৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করে, যার একটি বিশাল অংশ ব্যয় হয় পরিবহণ খাতে। ইথানলচালিত গাড়ির ব্যবহার বাড়লে বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। একইসঙ্গে কৃষিভিত্তিক ইথানল উৎপাদন বাড়লে দেশের কৃষকরা নতুন আয়ের সুযোগ পাবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। মারুতি সুজুকির পাশাপাশি টাটা মোটরসসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোও ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা আগামীতে ভারতের পরিবহণ শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে দেশটির সরকার মনে করছে।

এজেড