অটোমোবাইল ডেস্ক
২৫ মে ২০২৬, ০৩:৪২ পিএম
গাড়ির বাজারে 'হোন্ডা সিটি' এক অত্যন্ত নির্ভরযোগ্য এবং জনপ্রিয় নাম। বহু বছর ধরেই মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এই সেডান গাড়িটি। ২০২৩ সালের পর এই মডেলে বড় কোনো পরিবর্তন না করা হলেও, দীর্ঘ তিন বছর পর সম্প্রতি গাড়িটির একটি আকর্ষণীয় ফেসলিফ্ট সংস্করণ বাজারে নিয়ে এসেছে হোন্ডা। আগের মডেলের তুলনায় নতুন এই এডিশনটির বাহ্যিক নকশা এবং ভেতরের ফিচারে বেশ কিছু আধুনিক পরিবর্তন আনা হয়েছে, যা গাড়িপ্রেমীদের নজর কাড়বে।
ডিজাইনের দিক থেকে নতুন হোন্ডা সিটিতে একাধিক দৃশ্যমান পরিবর্তন এনেছে কোম্পানিটি। গাড়িটির সামনের গ্রিল পুরোপুরি নতুনভাবে সাজানো হয়েছে এবং ব্র্যান্ড লোগোর অবস্থানও বদলে গেছে। সামনের গ্রিলের পরিবর্তে এখন লোগোটিকে রাখা হয়েছে বনেটের ওপরে। এছাড়া দুই দিকের হেডলাইটের মাঝে একটি আকর্ষণীয় এলইডি কানেক্টর স্ট্রিপ লাইট যুক্ত করা হয়েছে। গাড়ির পেছনের টেলল্যাম্পের নকশাতেও এসেছে নতুনত্ব এবং পেছনের বাম্পারটির ডিজাইনও আগের মডেলের চেয়ে সম্পূর্ণ আলাদা করা হয়েছে।
আরও পড়ুন: টাটা টিয়াগো: ৬ এয়ারব্যাগ ও উন্নত নিরাপত্তা ফিচারে নতুন রূপে আসছে
শুধুমাত্র বাইরের রূপেই নয়, গাড়ির কেবিন বা ভেতরের অংশেও আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া। সামনের কেবিনে এখন যুক্ত করা হয়েছে একটি নতুন ১০.২৫ ইঞ্চির বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এই আধুনিক ইনফোটেনমেন্ট ইউনিটটি অ্যানড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে—উভয় প্রযুক্তিই সাপোর্ট করে। তবে ড্রাইভিংয়ের সুবিধার্থে স্টিয়ারিং হুইলের পজিশন কিংবা ডিজাইনে কোনো পরিবর্তন না করে আগের মতোই রাখা হয়েছে।

গাড়ির ভেতরে আরাম ও বিনোদন বাড়াতে বেশ কিছু প্রিমিয়াম ফিচার যোগ করেছে হোন্ডা। এর মধ্যে রয়েছে চমৎকার সানরুফ, তারহীন বা ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা, ভেন্টিলেটেড সিট, নতুন ৮ স্পিকারের শক্তিশালী সাউন্ড সিস্টেম এবং আকর্ষণীয় অ্যাম্বিয়েন্ট লাইটিং। পাশাপাশি চালক ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য গাড়িটিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট এবং আধুনিক অ্যাডাস সেফটি ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে বাহ্যিক রূপ ও ফিচারে ব্যাপক বদল এলেও গাড়ির ইঞ্জিনের ক্ষমতায় কোনো পরিবর্তন করা হয়নি। আগের মতোই এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ১.৫ লিটারের শক্তিশালী ইঞ্জিন, যার সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।
ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী ম্যানুয়াল কিংবা অটোমেটিক—দুই ধরনের গিয়ার অপশনই বেছে নিতে পারবেন। এছাড়া নিয়মিত পেট্রল মডেলের পাশাপাশি পরিবেশবান্ধব একটি হাইব্রিড সংস্করণও বাজারে মিলবে। ভারতীয় বাজারে নতুন এই হোন্ডা সিটি ফেসলিফ্ট সংস্করণের দাম শুরু হচ্ছে ১২ লাখ রুপি থেকে।
এজেড