অটোমোবাইল ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম
রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন ২০২৬’। হালনাগাদ প্রযুক্তি এবং আধুনিক সব মডেলের গাড়ি ও মোটরবাইক নিয়ে আয়োজিত এই মেগা ইভেন্টে একই ছাদের নিচে চলছে ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো এবং ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বাংলাদেশ এক্সপো।

১০ দেশের বিশ্বসেরা ব্র্যান্ডের অংশগ্রহণ
এবারের প্রদর্শনীতে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১০টি দেশের ৭০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দর্শনার্থীরা সহজেই টয়োটা, মিতসুবিশি, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি এবং চাঙ্গান-এর মতো নামী ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া টু-হুইলার প্রেমীদের জন্য রয়েছে সিএফ মটো, জিহো এবং ভিমোটোর মতো জনপ্রিয় ব্র্যান্ডের সমাহার।

আগ্রহের কেন্দ্রে ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি)
জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব যাতায়াতের কথা মাথায় রেখে এবারের মেলায় দর্শকদের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বৈদ্যুতিক গাড়ি এবং বাইক। মেলা ঘুরে দেখা গেছে, সাধারণ ক্রেতা থেকে শুরু করে তরুণ প্রজন্মের দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি ইভি বা ইলেকট্রিক ভেহিক্যাল গ্যালারিগুলোতে।

যা থাকছে প্রদর্শনীতে
হল বিন্যাস: ১ নম্বর হলে বাণিজ্যিক ও ব্যক্তিগত গাড়ি এবং যন্ত্রাংশ, ২ ও ৪ নম্বর হলে লাক্সারি গাড়ি এবং ৩ নম্বর হলে মোটরবাইক ও ইলেকট্রিক বাইক প্রদর্শিত হচ্ছে।
টেস্ট ড্রাইভ: দর্শনার্থীদের জন্য পছন্দের গাড়ি বা বাইক চালিয়ে দেখার (টেস্ট ড্রাইভ) বিশেষ সুযোগ রয়েছে।

যন্ত্রাংশ: শুধু যানবাহন নয়, আন্তর্জাতিক মানের অটোমোটিভ যন্ত্রাংশ ও এক্সেসরিজও পাওয়া যাচ্ছে মেলায়।
আয়োজক সংস্থা সেমস-গ্লোবালের মতে, এটি বাংলাদেশের অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চ, যা ক্রেতা এবং উদ্যোক্তাদের মধ্যে সরাসরি সেতুবন্ধন তৈরি করছে। প্রদর্শনীটি চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এজেড