images

অটোমোবাইল

গাড়ি কেন ব্রেক ফেল করে? গাড়ি ব্রেক ফেল করলে করণীয়

অটোমোবাইল ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

চলন্ত অবস্থায় গাড়ির ব্রেক কাজ না করা যেকোনো চালকের জন্য জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। যান্ত্রিক ত্রুটি বা অবহেলার কারণে যেকোনো সময় ঘটতে পারে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে ব্রেক ফেল করলে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই প্রতিবেদনে থাকছে গাড়ি ব্রেক ফেল করার কারণ ও এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে চালকের করণীয়।

গাড়ি কেন ব্রেক ফেল করে?

গাড়ির ব্রেক সিস্টেম মূলত কয়েকটি যান্ত্রিক ও তরল প্রক্রিয়ার সমন্বয়ে কাজ করে। এর যেকোনো একটিতে সমস্যা হলে ব্রেক ফেল করতে পারে। প্রধান কারণগুলো হলো-

polutq

ব্রেক ফ্লুইড বা তেল লিক হওয়া: ব্রেক সিস্টেমের পাইপ বা মাস্টার সিলিন্ডার থেকে যদি ব্রেক অয়েল লিক করে, তবে ব্রেক প্যাডে পর্যাপ্ত চাপ পড়ে না, ফলে ব্রেক কাজ করে না।

ব্রেক প্যাড বা শু ক্ষয়ে যাওয়া: দীর্ঘকাল ব্যবহারের ফলে ব্রেক প্যাড অতিরিক্ত ক্ষয়ে গেলে তা ডিস্ককে ঠিকমতো ধরতে পারে না।

মাস্টার সিলিন্ডার নষ্ট হওয়া: ব্রেক সিস্টেমের মূল অংশ হলো মাস্টার সিলিন্ডার। এটি নষ্ট হয়ে গেলে পুরো ব্রেক সিস্টেম অকেজো হয়ে পড়ে।

অতিরিক্ত গরম হওয়া: পাহাড়ি রাস্তায় বা দীর্ঘক্ষণ বারবার হার্ড ব্রেক করলে ব্রেক ড্রাম বা ডিস্ক অতিরিক্ত গরম হয়ে ‘ব্রেক ফেড’ হতে পারে, যা সাময়িকভাবে ব্রেক কার্যকারিতা কমিয়ে দেয়।

iStock-916800452-1024x768-1

গাড়ি ব্রেক ফেল করলে আপনার করণীয়

হঠাৎ বুঝতে পারলেন ব্রেক কাজ করছে না, এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১. পা সরিয়ে নেবেন না: ব্রেক কাজ করছে না বুঝলে বারবার ব্রেকে পাম্প করতে থাকুন। অনেক সময় পাম্প করার ফলে ব্রেক ফ্লুইডের চাপ তৈরি হয়ে ব্রেক আংশিক কাজ করতে পারে।

২. গিয়ার কমিয়ে আনুন (ইঞ্জিন ব্রেকিং): গাড়ি যদি ম্যানুয়াল হয়, তবে ক্লাচ চেপে দ্রুত ছোট গিয়ারে (যেমন: ৫ থেকে ৩, এরপর ২ ও ১) নিয়ে আসুন। অটোমেটিক গাড়ির ক্ষেত্রে গিয়ার লিভার ‘L’ বা ‘Lower’ মোডে নিয়ে আসুন। এতে ইঞ্জিনের গতি কমে গাড়ি দ্রুত থামতে সাহায্য করবে।

Car-accident-18-03-1024x640

৩. একবারে হ্যান্ডব্রেক টানবেন না: চলন্ত অবস্থায় হঠাৎ হ্যান্ডব্রেক টানলে গাড়ি উল্টে যেতে পারে। গাড়ির গতি যখন অনেক কমে আসবে (ঘণ্টায় ২০-৩০ কিমি), তখন ধীরে ধীরে হ্যান্ডব্রেক ওপরের দিকে তুলুন।

৪. অ্যাক্সিলারেটর থেকে পা সরান: ব্রেক কাজ না করলে ভুলেও অ্যাক্সিলারেটর চেপে ধরবেন না। এতে গাড়ির গতি আরও বেড়ে বিপদ আরও ঘনীভূত হবে।

৫. হর্ন ও ইন্ডিকেটর ব্যবহার করুন: আশপাশের অন্য চালকদের সতর্ক করতে অনবরত হর্ন বাজান এবং হ্যাজার্ড লাইট (দুই দিকের ইন্ডিকেটর) জ্বালিয়ে দিন।

brakes-fail-while-driving-Auto-King

৬. ইঞ্জিন বন্ধ করবেন না: ভয় পেয়ে চলন্ত অবস্থায় চাবি ঘুরিয়ে ইঞ্জিন বন্ধ করবেন না। এতে স্টিয়ারিং লক হয়ে যেতে পারে, ফলে আপনি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

৭. ঘর্ষণ বা নিরাপদ বাধা খুঁজুন: যদি দেখেন কোনোভাবেই গাড়ি থামছে না, তবে রাস্তার পাশে থাকা বালির স্তূপ, ঝোপঝাড় বা ডিভাইডারের সঙ্গে গাড়ির বডি ঘষিয়ে গতি কমানোর চেষ্টা করুন। এটি বড় সংঘর্ষের চেয়ে অনেক নিরাপদ।

আরও পড়ুন: বৃষ্টিতে গাড়ি বা বাইকের ব্রেক ফেল করলে করণীয় কী?

গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ব্রেক ফ্লুইড চেক করার মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সবসময় সচেতন থাকুন।

এজেড