images

অটোমোবাইল

ডুকাটি নতুন ভার্সনের স্ট্রিটফাইটার মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক

২৮ নভেম্বর ২০২৫, ১০:১৭ এএম

ডুকাটি ভারতের বাজারে এনেছে নতুন স্ট্রিটফাইটার V2 ও স্ট্রিটফাইটার V2 S মডেল। শক্তিশালী নতুন ইঞ্জিন, হালকা নির্মাণ এবং উন্নত রাইডিং প্রযুক্তির সমন্বয়ে এই দুই বাইক স্পোর্টস নেকেড সেগমেন্টে নতুন মানদণ্ড তৈরি করতে এসেছে। এর দাম শুরু হচ্ছে ১৭ লাখ ৫০ হাজার টাকা থেকে, আর শীর্ষ সংস্করণ V2 S-এর দাম ১৯ লাখ ৪৯ হাজার রুপি (এক্স-শোরুম)।

কমপ্যাক্ট ৮৯০ সিসি V2 ইঞ্জিন

নতুন স্ট্রিটফাইটার V2-তে ব্যবহার করা হয়েছে ৮৯০ সিসি, ৯০-ডিগ্রি V2 ইঞ্জিন, যা ইউরো–৫ প্লাস মান বজায় রেখে তৈরি। ইঞ্জিনটি ১০ হাজার ৭৫০ আরপিএম-এ ১২০ অশ্বশক্তি এবং ৮ হাজার ২৫০ আরপিএম-এ ৯৩.৩ নিউটন-মিটার টর্ক তৈরি করে। যারা আরও বেশি শক্তি চান, তাদের জন্য ডুকাটি বিশেষ রেসিং-এক্সহস্ট প্যাকেজ দিচ্ছে—যার ফলে শক্তি বেড়ে হয় ১২৬ অশ্বশক্তি এবং বাইকের ওজন কমে প্রায় ৪.৫ কেজি। এটি মূলত ট্র্যাক ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।

ডুকাটি এই নতুন ইঞ্জিনকে করেছে আরও ছোট ও কমপ্যাক্ট। ইঞ্জিনের ওজন মাত্র ৫৪.৪ কেজি এবং এটি মনোকক ফ্রেমের একটি স্ট্রেসড অংশ হিসেবে ব্যবহৃত হয়। ফলে চ্যাসিস আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ থাকে। স্ট্যান্ডার্ড V2 মডেলের ড্রাই ওয়েট ১৭৮ কেজি এবং V2 S মডেলের ১৭৫ কেজি, যা এই সিরিজের সবচেয়ে হালকা স্ট্রিটফাইটার বাইক।

ducati

চ্যাসিস, সাসপেনশন ও ব্রেকিং

স্ট্রিটফাইটার V2-তে প্যানিগালে V4-এর অনুপ্রেরণায় তৈরি ডাবল-সাইড সুইংআর্ম ব্যবহার করা হয়েছে। টায়ার হিসেবে রয়েছে পিরেল্লির ডিয়াবলো রসো IV, যা ট্র্যাক এবং সাধারণ দুই ধরনের পথেই শক্ত গ্রিপ নিশ্চিত করে।

ব্রেকিং সিস্টেমে আছে ব্রেম্বো M50 মনোব্লক ক্যালিপার এবং ৩২০ মিলিমিটারের ডিস্ক। এতে উচ্চ গতিতে বাইক স্থিতিশীলভাবে থামানো সহজ হয়।

সাসপেনশনের ক্ষেত্রে দুই মডেলে কিছু পার্থক্য রয়েছে।

V2 মডেলে রয়েছে সম্পূর্ণ অ্যাডজাস্ট করা যায় এমন মারজোক্কি ফর্ক ও কায়াবা রিয়ার শক।

আর V2 S মডেলে রয়েছে উন্নত মানের ওহলিন্স NIX-30 ফ্রন্ট ফর্ক ও ওহলিন্স রিয়ার শক। এই আপগ্রেড রাইডিংয়ের মান, কর্নার নেওয়ার ক্ষমতা এবং নিয়ন্ত্রণ—সবকিছু আরও উন্নত করে।

উন্নত ইলেকট্রনিক্স ও রাইডিং নিরাপত্তা

ডুকাটির সুপারস্পোর্ট সিরিজে ব্যবহৃত ইলেকট্রনিক প্যাকেজ এখানেও রাখা হয়েছে। এতে একটি ছয়-অক্ষ বিশিষ্ট সেন্সর ব্যবস্থা (IMU) রয়েছে, যা বাইকের ঝোঁক, ব্রেক, ত্বরণসহ সব পরিস্থিতিতে নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে।

ducati2

বাইকে দেওয়া হয়েছে—

• কর্নারিং ABS ও স্লাইড-বাই-ব্রেক
• ডুকাটি ট্র্যাকশন নিয়ন্ত্রণ (স্মার্ট সিস্টেম)
• ডুকাটি হুইলি নিয়ন্ত্রণ
• ইঞ্জিন ব্রেক নিয়ন্ত্রণ
• ডুকাটি দ্রুত গিয়ার পরিবর্তন ব্যবস্থা (DQS 2.0)

রাইডিং মোড হিসেবে রয়েছে— রেস, স্পোর্ট, রোড ও ভেজা রাস্তা (Wet)। প্রতিটি মোড পরিবেশ ও রাস্তার উপর ভিত্তি করে বাইকের পারফরম্যান্স পরিবর্তন করে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে রয়েছে পাঁচ ইঞ্চি রঙিন TFT ডিসপ্লে, যেখানে ট্র্যাক ও রোড—দুই মোডেই আলাদা লেআউট দেখা যায়।

অ্যাক্সেসরি প্যাকেজ

ডুকাটি মালিকদের জন্য একাধিক আলাদা প্যাকেজও দিচ্ছে। এর মধ্যে আছে— রেসিং-এক্সহস্ট, ল্যাপ-টাইমার প্রো, ক্রুজ নিয়ন্ত্রণ, পথ নির্দেশিকা ব্যবস্থা (টার্ন-বাই-টার্ন), ইউএসবি চার্জার, টায়ার-চাপ সেন্সর (TPMS) ইত্যাদি। ছয়-গতির গিয়ারবক্সে তেল-সিক্ত স্লিপার ক্লাচ ও DQS 2.0 রয়েছে, যা দ্রুত ও মসৃণ গিয়ার পরিবর্তন নিশ্চিত করে।

দাম ও প্রাপ্যতা

২৭ নভেম্বর ২০২৫ থেকে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে দু’টি নতুন বাইক।

• স্ট্রিটফাইটার V2 — ১৭.৫০ লাখ রুপি (এক্স-শোরুম)
• স্ট্রিটফাইটার V2 S — ১৯.৪৯ লাখ রুপি (এক্স-শোরুম)

V2 S মডেলে বাড়তি হিসেবে মিলছে— ওহলিন্স সাসপেনশন, লিথিয়াম-আয়ন ব্যাটারি, ডুকাটি পাওয়ার লঞ্চ, পিট-লিমিটার এবং আরও হালকা চ্যাসিস—যা এটিকে সম্পূর্ণ পারফরম্যান্সভিত্তিক একটি প্যাকেজে পরিণত করেছে।

আরও পড়ুন: বাজারে শিরোপা ধরে রাখল হিরো স্প্লেন্ডার, স্কুটারে সেরা অ্যাক্টিভা

নতুন স্ট্রিটফাইটার V2 ও V2 S— শক্তিশালী ইঞ্জিন, হালকা চ্যাসিস, উন্নত ইলেকট্রনিক্স এবং সুপারবাইকের ডিএনএ নিয়ে ভারতের স্পোর্ট নেকেড বাইক বাজারে নতুন মাত্রা যোগ করেছে। রাস্তায় ব্যবহার উপযোগী হওয়ার পাশাপাশি ট্র্যাক-রেডি আপগ্রেডও থাকায় এটি এখন আরও আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে।

এজেড