অটোমোবাইল ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ০৩:১১ পিএম
বাজাজ অটোর সিএনজি-চালিত একটি মোটরসাইকেল নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। বাজারে আসলে এটিই হবে পৃথিবীর প্রথম সিএনজি-চালিত মোটরসাইকেল। যা কেনার জন্য ভারত ও বাংলাদেশের ক্রেতারা অধীর আগ্রহে রয়েছেন।
অটোমোবাইল বিশেষজ্ঞরা মনে করেন, সিএনজি-চালিত মোটরসাইকেল বাজাজের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।
বাজাজ অটোর সিইও রাজীব অটো জানিয়েছেন, চলতি বছরেই লঞ্চ হবে এই মোটরসাইকেল। সিএনজি গাড়ির পর এবার মোটরসাইকেলেও একই প্রযুক্তি ব্যবহার করতে চলেছে কোম্পানি।
বাজাজের সিএনজি-চালিত বাইক উন্মোচনের আগে সড়কে এর পরীক্ষা চলছে। বাইক সংক্রান্ত একাধিক তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে। এটি ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল হতে চলেছে। এতদিন গাড়িতে এই প্রযুক্তি দেখা গিয়েছে। তিন চাকা ও চার চাকায় সিএনজির আবির্ভাব ঘটেছে অনেকদিন। এবার যোগ দিতে চলেছে দু চাকা।

কোম্পানির সিইও রাজীব বাজাজ জানিয়েছেন, এপ্রিল থেকে জুনের মধ্যে অফিশিয়ালি বাজারে আসতে পারে এই মোটরসাইকেল। বর্তমানে কোম্পানির ঝুলিতে কোনও সিএনজি চালিত বাইক নেই। এটি প্রথম মোটরসাইকেল হতে চলেছে যেখানে সিএনজি প্রযুক্তি ব্যবহার করা হবে।
বাজাজ সিএনজি-চালিত মোটরসাইকেলের মাইলেজ কেমন?
অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, ১০০-১১০ সিসি পেট্রোল চালিত বাইকের সমান পারফরম্যান্স পাওয়া যাবে। থাকবে সিঙ্গেল পিস সিট। যার নিচে মিলবে সিএনজি ট্যাংক। তবে বাইকটির ডিজাইন কেমন হবে তা নিয়ে বাড়ছে কৌতূহল। আপাতত জানা গিয়েছে, ৮০ কিমি প্রতি কেজি মাইলেজ দিতে পারবে এই মোটরসাইকেল। কারণ প্ল্যাটিনার মাইলেজ রয়েছে ৭০ কিমি প্রতি লিটার।
অনবদ্য জ্বালানি দক্ষ বাইক হতে চলেছে এটি। যা নিত্য যাত্রীদের দুর্ভোগ কমাতে সাহায্য করবে। পেট্রোলের দাম নিয়ে যারা দিশেহারা তাদের জন্য বিকল্প হতে পারে এই সিএনজি মোটরসাইকেল। আরও জানা গিয়েছে, সিএনজি ট্যাংকের পাশাপাশি একটি ছোট পেট্রোল ট্যাংকও থাকবে ইমার্জেন্সির জন্য। অর্থাৎ ডুয়াল ইঞ্জিন থাকবে।
রাইডার পরিস্থিতি অনুযায়ী, সিএনজি থেকে পেট্রোল এবং পেট্রোল থৈকে সিএনজিতে সুইচ করতে পারবেন। বাইকটির সামনে থাকতে পারে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। টেলিস্কপিক সাসপেনশনের সঙ্গে আসতে পারে এই টু হুইলার। থাকবে অ্যালয় হুইল এবং এলইডি হেডলাইট। বাইকের ডান দিকে থাকতে এক্সহস্ট পাইপ। কী কী ফিচার্স থাকবে তা এখনও নিশ্চিত জানা যায়নি।
ভারতের এই বাইকের সম্ভাব্য দাম ধরা হয়েছে ৮০ হাজার রুপি।
এজেড